সংবাদ কণিকা

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১২, ২০:৪৫
আবারো হাসপাতালে মোবারক মিসরের কারারুদ্ধ সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারকের শারীরিক অবস্থার ফের অবনতি ঘটলে তাকে আবারো হাসপাতালে পাঠানো হয়েছে। ৮৪ বছর বয়স্ক সাবেক এই প্রেসিডেন্টকে মাদি সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার শারীরিক অবস্থা বর্তমানে কী পর্যায়ে আছে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। এর আগে জুনে তিনি সংকটাপন্ন হয়ে এক মাস হাসপাতালে ছিলেন। ২০১১ সালে দেশটিতে ব্যাপক বিক্ষোভ চলাকালে হত্যাকাণ্ড রোধে ব্যর্থ হওয়ার দায়ে তিনি যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন।—বিবিসি খনির হুমকিতে রেইনডিয়ার উত্তর সুইডেনের প্রত্যন্ত শহর কিরুনার মাটির নিচে রয়েছে ইউরোপের বৃহত্তম লোহার খনি। সেই লোহা উত্তোলনের স্বার্থে এখন নেয়া হয়েছে এক বিশাল প্রকল্প। পুরো শহরটির ১৮ হাজার বাসিন্দাকেই এখন অন্যত্র সরিয়ে নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু এখানকার বাসিন্দাদের মধ্যে অন্যতম হচ্ছে সামি জনগোষ্ঠী, যাদের ঐতিহ্যগত জীবিকা হলো রেইনডিয়ার (এক ধরনের হরিণ) পালন। লোহার খনির কারণে তাদের এই জীবিকা আজ হুমকির মুখে পড়েছে।—বিবিসি নেপালে বাস দুর্ঘটনায় নিহত ১৩ নেপালের পশ্চিমাঞ্চলীয় এলাকায় একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় ১৩ জন নিহত ও ১৯ আহত হয়েছে। আহতদের অবস্থা গুরুতর বলে জানা গেছে। শুক্রবার সকালে নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে ৪০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, যাত্রীবাহী বাসটি দশরাথপুর গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড় থেকে গড়িয়ে ৫০ মিটার নিচে গাম নদীতে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে। পুলিশ ও সেনাবাহিনী ইতিমধ্যে উদ্ধার কাজ শুরু করেছে। তবে দুর্ঘটনার বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।—ডন অনলাইন দূতাবাস গুটিয়ে নিল যুক্তরাষ্ট্র নিরাপত্তাগত কারণে মধ্য আফ্রিকা থেকে যুক্তরাষ্ট্র তার দূতাবাস সরিয়ে নিয়েছে। দেশটির রাজধানী বানগুইয়ের দিকে বিদ্রোহীদের অগ্রসর হওয়ার হুমকির প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দফতর জানায়, সাময়িকভাবে এখানে দূতাবাসের কার্যক্রম স্থগিত করা হয়েছে। ইতিমধ্যে রাষ্ট্রদূত এবং দূতাবাসের অন্যান্য কর্মকর্তা দেশ ত্যাগ করেছেন। এর আগে দেশটির প্রেসিডেন্ট ফ্রাঙ্কোইস বজিজে যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের কাছে বিদ্রোহীদের মোকাবিলায় সাহায্য চেয়েছেন। আশঙ্কা করা হচ্ছে যে, রাজধানী বানগুইন খুব শীঘ্রই বিদ্রোহীদের দখলে চলে যাবে ।— টেলিগ্রাফ