নড়াইলের কালিয়া উপজেলা ছাত্রদলের সম্মেলন বন্ধ করে দিয়েছে স্থানীয় পুলিশ। বৃহস্পতিবার কালিয়া পোস্টঅফিস এলাকায় কালিয়া উপজেলাসহ পৌরসভা ও আব্দুস সালাম ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের নতুন কমিটি গঠন ও কর্মী সম্মেলন হওয়ার কথা ছিল। তবে, পুলিশের অনুমতি না নেয়ায় এবং ছাত্রদলের অভ্যন্তরীণ দ্বন্দ্বে আইন-শৃংখলা অবনতির কারণ দেখিয়ে পুলিশ তা বন্ধ করে দিয়েছে। পুলিশের এ বক্তব্য প্রত্যাখ্যান করে কালিয়া পৌর ছাত্রদলের সহ-সভাপতি কামরুল ইসলাম জানান, সকল প্রকার প্রস্তুতি নেয়া সত্ত্বেও স্থানীয় পুলিশ তাদের সম্মেলন বন্ধ করে দিয়েছে। ছাত্রদলে কোনো অভ্যন্তরীণ কোন্দল নেই বলে তিনি দাবি করেন। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাস বিশ্বাস বলেন, পুলিশের অনুমতি ছাড়া সম্মেলনের আয়োজন করায় এবং আইন-শৃংখলার অবনতির আশংকায় সম্মেলন বন্ধ করা হয়েছে।
