মোহামেডানের বিপক্ষে নায়ক আবাহনীর রনি

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১২, ২১:০৯
এমনিতেই ফুটবল মাঠে গত বেশ কিছুদিন ধরে বিশৃঙ্খলা চলছিল। তারও পর কাল ছিল মৌসুমে প্রথম আবাহনী-মোহামেডান লড়াই। সেজন্যই কিনা, দারুণ নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছিল স্টেডিয়াম। নিরাপত্তাকর্মীদের ফাঁকি দিয়ে দর্শকরা বিশৃঙ্খল কিছু করেননি। তবে মাঠে আবাহনী-মোহামেডান ঠিকই উত্তেজনাপূর্ণ ফুটবল খেলেছে। আর এই ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে শাখাওয়াত হোসেন রনির জোড়া গোলে হারিয়ে এককভাবে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে আবাহনী। দৃশ্যত মনে হয়েছে, মোহামেডানের এই পরাজয়ের কারণ তাদের অতিরক্ষণাত্মক ফুটবল। কিন্তু ভারপ্রাপ্ত কোচ জুয়েল রানা দাবি করছেন, ‘আমরা অতিরক্ষণাত্মক খেলিনি। পাঁচ মিডফিল্ডার খেলিয়ে কাউন্টার অ্যাটাকে খেলতে চেয়েছিলাম।’ খেলা শেষে আবাহনীর ইরানি কোচ আরদেশীরও বললেন, তার দল কাউন্টার অ্যাটাকে খেলতে চেয়েছিল। ফরমেশন বা লক্ষ্য যাই হোক না কেন, শেষ পর্যন্ত ম্যাচটায় মোহামেডানের চেয়ে আবাহনী ভালো খেলেছে এবং ভাগ্যও তাদের সাথে ছিল। আবাহনী-মোহামেডানের উত্তাপ এই প্রবল শীতের মধ্যেও গতকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে টেনে এনেছিল হাজার পাঁচেক দর্শক। শেষ পর্যন্ত তাদের মধ্যে আবাহনী সমর্থকরা ফিরলেন জয়ের আনন্দ সাথে নিয়ে। আবাহনী ছয় খেলায় ১৩ পয়েন্ট নিয়ে এখন সবার শীর্ষে এবং মোহামেডানের পয়েন্ট সমান ম্যাচে ১০। আবাহনীর এই ম্যাচে সবচেয়ে বড় প্রাপ্তি শাখাওয়াত হোসেন রনি। তিনি একাদশেই নিয়মিত ছিলেন না। কাল সেরা একাদশে নেমেই ‘নায়ক’ হয়ে গেলেন দুই গোল করে। ম্যাচের ১৩ এবং ৬২ মিনিটে গোল করেন। পর পরই সুযোগ পেয়েছিল মোহামেডান। গোল লাইন থেকে মোহামেডানের মরিসনের হেড ফিরিয়ে দিয়েছেন ওয়ালী ফয়সাল। আগের ম্যাচে শেখ রাসেলের কাছে হেরে আবাহনীর কোচ তার ছেলেদের জানিয়েছিলেন, মানসিক চাপ নিও না। অন্য ম্যাচগুলোর মতই দেখবে মোহামেডানকে। তারাও নাকি সে কথাই মেনে কাজ করেছেন। সব সময় নার্ভাসনেসের মধ্যে থাকা রনি কাল নিজের কাছে ছিলেন প্রতিশ্রুতিবদ্ধ। কোচ বুঝিয়েছেন তাকে। ৬৩ মিনিটে রনি ডিফেন্ডারদের ভুলের সুযোগটা কাজে লাগিয়ে নিজের এবং দলের দ্বিতীয় গোল করলেন ২-০। তার ক্যারিয়ারে এবারই প্রথম মোহামেডানের বিরুদ্ধে গোল করলেন। আর সেই গোলে দলও হাসল, নিজেকেও প্রমাণ করতে পারলেন রনি। আবাহনী :সোহেল, মিশু, সুজন, সামাদ ইউসুফ, ওয়ালী ফয়সাল, প্রাণতোষ, ইয়োকো থমাস, তৌহিদুল আলম (এনামুল), ফ্রাঙ্ক, ইব্রাহিম, শাখাওয়াত রনি (আরমান আজীজ)। মোহামেডান :মামুন খান, ইয়াসিন, কলি ওসমান, রজনী, ড্যামিয়ান সিগোজি, মতিউর মুন্না (মোবারক), শরিফুল, মেজবাউল মানিক (মারুফ), সোহেল রানা, ওসে মরিসন, মোস্তফা ইব্রাহিম। রেফারি :তৈয়ব হাসান। আজকের খেলা শেখ জামাল ঃ আরামবাগ (বঙ্গবন্ধু স্টেডিযাম, ৪টা ৩০) মুক্তিযোদ্ধা ঃ সকার ক্লাব (ফেনী, ২টা ৪৫)