ব্যাপক উত্সাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সোনালী অতীত গজনবী মাস্টার্স ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল সকাল ৯টায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন বরিশাল সোনালী অতীত ক্লাবের প্রধান উপদেষ্টা বিসিসি মেয়র শওকত হোসেন হিরন।
গতকাল উদ্বোধনী খেলায় স্বাগতিক বরিশাল সোনালী অতীত ক্লাব - চাঁদপুর সোনালী অতীত ক্লাবকে ৩-০ গোলে হারায়। বরিশাল সোনালী অতীত ক্লাবের পক্ষে কবির ২টি ও হারুন ১টি গোল করেন।
সকাল ৯টায় বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হলেও ঘন কুয়াশার কারণে তখন উদ্বোধনী ম্যাচ শুরু করা সম্ভব হয়নি। চাঁদপুর সোনালী অতীতের খেলোয়াড়গণ ঘন কুয়াশার কারণে লঞ্চযোগে নির্ধারিত সময়ের ৩-৪ ঘন্টা পর বরিশালে পৌঁছান। বেলা ১টায় চাঁদপুর সোনালী অতীত স্টেডিয়ামে পৌঁছলে স্বাগতিক বরিশাল সোনালী অতীত তাদের মুখোমুখি হয়। উদ্বোধনী খেলায় স্বাগতিকদের কাছে চাঁদপুর পরাজিত হওয়ায় উল্লাসে ফেটে পড়ে এখানকার দর্শকরা।
জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে জানানো হয় ঘন কুয়াশার কারণে সকল জেলার টিম সঠিক সময়ে পৌঁছাতে না পারায় নির্দিষ্ট সময়ে পূর্ব পরিকল্পিত ফিকচার অনুযায়ী খেলা শুরু করা সম্ভব হয়নি। তবে এ টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৮টি টিমের মধ্যে সকল খেলা সম্পন্ন করে আজ শনিবার বিকেল ৩টায় ফাইনাল খেলা নিশ্চিত করা হবে।
গতকাল এ টুর্নামেন্টের উদ্বোধন উপলক্ষে আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামকে সাজানো হয়েছিলো বর্ণিল সাজে। উদ্বোধনী অনুষ্ঠানে সিটি মেয়র শওকত হোসেন হিরন ছাড়াও উপস্থিত ছিলেন বিভাগীয় ফুটবল ফেডারেশনের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সুরুজ, স্বাধীন বাংলা ফুটবল টিমের অধিনায়ক জাকারিয়া পিন্টু, খ্যাতিমান খেলোয়াড় মঈন, খাইরুল আলম মাসুদসহ সোনালী অতীত ক্লাবের ক্রীড়া সংগঠকরা।
