এক সময় হকি বিশ্ব ছিল ভারত-পাকিস্তান শাসিত। সেই সময়টা অন্তত এশিয়ান হকিতে আবার যেন ফিরে আসছে। এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী আসরে এই পাকিস্তানকে হারিয়ে সোনা জিতেছিল ভারত। এবার সেই ভারতকেই ফাইনালে হারিয়ে সোনা জিতে মধুর প্রতিশোধ নিল পাকিস্তান। গত বৃহস্পতিবার কাতারের দোহায় আল রায়ান স্টেডিয়ামে এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে ৫-৪ গোলে হারিয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করল পাকিস্তান। এর আগে চীনকে ৩-১ গোলে হারিয়ে তৃতীয় স্থান অধিকার করে মালয়েশিয়া (ব্রোঞ্জ)।
দু’ দলের খেলায় যেমনটা হয়ে থাকে, তেমনই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ; উত্তেজনা, বিতর্ক, গোলমালে ভরপুর ছিল ম্যাচ। ম্যাচের শেষ কয়েক মিনিট প্রবল উত্তেজনা সৃষ্টি হয়েছিল। পেনাল্টি কর্নার না পেয়ে ভারতীয় দল অসন্তোষ প্রকাশ করে। মাঠও ত্যাগ করে। দুই মিনিট পর তারা মাঠে ফিরে আসে। কিন্তু পাকিস্তান নিরাপদেই জয় তুলে নিতে পারে।
সাফকাত রসুল একটি এবং দুটি করে গোল করেন মোহাম্মদ ওয়াক্কাস এবং অধিনায়ক মোহাম্মদ ইমরান। সবুজ জার্সিধারীরা ম্যাচের সাত মিনিটে গোল পেয়ে যায় ওয়াক্কাসের কাছে। পেনাল্টি কর্নার থেকে গোল করেন তিনি। ভারত দুই মিনিট পরেই সমতা আনে ম্যাচে এসভি সুনীলের গোলে। ভি আর রঘুনাথ ২১ মিনিটে দলকে এগিয়ে দেন। ভারত প্রথমার্ধ শেষে ২-১ গোলে এগিয়ে ছিল।
দ্বিতীয়ার্ধে দুই দলেরই খেলার গতি বেড়ে যায়। পাকিস্তান ৪২ মিনিটে রসুলের গোলে ম্যাচে সমতায় আসে। ইমরানের গোলে আবারও পাকিস্তান এগিয়ে যায়। ভারত যখন গুরবিন্দার চন্ডির গোলে আবারো খেলায় সমতা আনে তখন শ্বাসরুদ্ধকর পরিস্থিতি চলে আসে ম্যাচে (৩-৩)। ৫৭ মিনিটে ওয়াক্কাসের গোলে পাকিস্তান এগিয়ে যায় (৪-৩)। রুপিন্দারপাল সিং আবারো ভারতকে সমতায় ফেরান (৪-৪)। ৬৪ মিনিটে পাকিস্তান পেনাল্টি কর্নার পেয়ে যায়। ইমরান জয়সূচক গোল করে দলকে স্বর্ণ পেতে সহায়তা করেন।
