প্রতি বছরের ন্যায় এবারও আবাসন মেলা করতে যাচ্ছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।
আগামী ২ থেকে ৬ জানুয়ারি পর্যন্ত রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৫ দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে। গতকাল শুক্রবার রাজধানীর একটি হোটেলে এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আবাসন মেলার বিভিন্ন দিক তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী আনিসুজ্জামান ভুঁইয়া। এ সময় তিনি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে (রাজউক) সতর্ক করে দিয়ে বলেন, আবাসন মেলায় রাজউকের খবরদারি চায় না রিহ্যাব। সংগঠনের সদস্যদের রিহ্যাব নিজেই নিয়ন্ত্রণ করতে পারবে।
তিনি জানান, এবারের মেলায় মোট ২৫০টি স্টল থাকবে। এসব স্টলে ২২৬টি প্রতিষ্ঠান তাদের পণ্য প্রদর্শন করবে। মোট ২১৯টি ডেভেলপার প্রতিষ্ঠানের পাশাপাশি ভবন নির্মাণকারী ৬টি প্রতিষ্ঠান ও একটি আর্থিক প্রতিষ্ঠান মেলায় অংশ নেবে বলে জানান তিনি।
রাজউকের হস্তক্ষেপ প্রসঙ্গে তিনি বলেন, মেলায় রাজউকের অবৈধ হস্তক্ষেপের ফলে সাধারণ ক্রেতারা আতঙ্কিত হয়ে পড়েন। একইভাবে রিয়েল এস্টেট কোম্পানিগুলোও আতঙ্কিত হয়। স্বাভাবিকভাবেই তা মেলার ওপর নেতিবাচক প্রভাব ফেলে।
