কবিতার সৌন্দর্যে সাম্প্রদায়িকতা রুখার প্রত্যয়

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১২, ২১:৪৩
‘কবিতার সৌন্দর্য’ দিয়ে বিশ্বজুড়ে সামপ্রদায়িক সন্ত্রাস ও বর্বতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে ঢাকায় জড়ো হয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের কবিরা। আজ শনিবার ‘কবিতা যাত্রা’য় তারা রওনা হবেন কক্সবাজারের পথে, দুই মাস আগে যেখানে বৌদ্ধ বসতি ও বিহারে বর্বর হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। চারদিনব্যাপী এই কবিতা যাত্রা এবং তৃতীয় দরিয়ানগর আন্তর্জাতিক কবিতামেলার শুরু হয় শুক্রবার বিকালে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কার্যালয়ে এই সম্মেলনের পর বিশ্বে কবিতার সামপ্রতিক গতিধারা নিয়ে বক্তৃতা ও আলোচনা হয়। বাংলাদেশভিত্তিক কবিদের আন্তর্জাতিক ফোরাম ‘কবিতাবাংলা’র সঙ্গে এই আয়োজনের সহ-উদ্যোক্তা এডিএন টেলিকম, মুনসুন লেটার্স ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। তৃতীয় আন্তর্জাতিক কবিতামেলায় অংশ নিচ্ছেন ভারত, নেপাল, শ্রীলঙ্কা, মিয়ানমার, থাইল্যান্ড, ইকুয়েডর, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের কমপক্ষে ৪০ জন কবি। আজ শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হচ্ছে এবারের কবিতা যাত্রা। পথে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি, কুমিল্লার চৌদ্দগ্রাম, পটিয়া ও রামুর ক্ষতিগ্রস্ত বৌদ্ধবিহার ঘুরে সবশেষে কবিদের মিছিল শেষ হবে কক্সবাজারের দরিয়ানগর কবিতা চত্বরে। এ বছর কবিতামেলার ঘোষণা রামুর ক্ষতিগ্রস্ত বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রতি উত্সর্গ করা হবে। ‘পুড়িয়ে দেয়া বৌদ্ধ মন্দিরের ঠিক সামনেই আমরা রামু ঘোষণা পাঠ করব।’