তারকাদের নিয়ে কমেডি শো

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১২, ২১:০১
পরীক্ষামূলক সম্প্রচারে থাকা এশিয়ান টিভি নতুন বছরের শুরুতেই আসছে বেশ কিছু নতুন অনুষ্ঠান নিয়ে। তারই একটি হলো ‘স্টার কমেডি চ্যাম্পিয়ান’। এই উপলক্ষে গতকাল একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন অভিনেতা হাসান মাসুদ, সিদ্দিক, চৈতি, আরফান, এশিয়ান টিভির হেড অব এন্টারটেইনমেন্ট কামরুজ্জামান বাবু, এন্টারটেইনমেন্ট এডিটর ও ডেপুটি হেড অব প্রোগ্রাম সৈকত সালাহউদ্দিন এবং অনুষ্ঠানের বিচারকদের পক্ষ থেকে অভিনেতা প্রবীর মিত্র, আমিরুল ইসলাম চৌধুরী। ‘স্টার কমেডি চ্যাম্পিয়ান’-এ অনুষ্ঠানে ১০টি দল রয়েছে। দুটি গ্রুপে ভাগ করা হয়েছে এই ১০টি দলকে। প্রতিটি গ্রুপেই রয়েছেন বিনোদন জগতের হাসির ও মজার অভিনয় শিল্পীরা। অনুষ্ঠানের প্রতিটি পর্বেই থাকছেন সিদ্দিক স্পেশাল। সিদ্দিক তার অভিনীত নাটকের বিভিন্ন অংশ ছাড়াও তুলে ধরছেন, নানা ধরনের বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে গল্প। সিদ্দিকের সঙ্গে থাকছেন মুকিত জাকারিয়া। সঙ্গে আসবেন আরও অনেক তারকারা। পারফর্মেন্স বিচার করবেন এটিএম শামসুজ্জামান, প্রবীর মিত্র, ড. ইনামুল হক, আমিরুল ইসলাম চৌধুরী, আব্দুল কাদের প্রমুখ।