‘দেশজ সংস্কৃতির বিকাশ ও আন্তর্জাতিক সংস্কৃতির সাথে মেলবন্ধন’ শীর্ষক কর্মসূচির আওতায় দেশের ৬৪টি জেলার ৬৪টি কলেজ ও সংগঠনের এবং উক্ত জেলার বিভিন্ন কলেজের বা স্থানীয় নাট্যদলের কলাকুশলীদের নিয়ে জেলা শিল্পকলা একাডেমীর ব্যবস্থাপনায় ‘স্বপ্ন ও দ্রোহের নাটক’ নির্মাণ কেন্দ্রিক প্রযোজনা শিরোনামে একটি করে মৌলিক বাংলা নাটক তৈরি ও মঞ্চায়ন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কর্মসূচিটির সুষ্ঠু বাস্তবায়নকল্পে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে সম্প্রতি দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্সের আয়োজন করা হয়। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত নাট্যনির্দেশকদের উদ্দেশ্যে দিনব্যাপী এ আয়োজনে উপস্থিত থেকে দিক নির্দেশনা ও গঠনমূলক আলোচনা করেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব ও আইটিআই সভাপতি রামেন্দু মজুমদার, বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন, আইটিআই, বাংলাদেশ কেন্দ্রের সাধারণ সম্পাদক দেবপ্রসাদ দেবনাথ, শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী, গ্রুপ থিয়েটার ফেডারেশানের সেক্রেটারি জেনারেল ঝুনা চৌধুরী, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সচিব মো. মনজুরুর রহমান এবং নাট্যব্যক্তিত্ব মান্নান হীরা।
