অবসরে যাচ্ছেন ‘মিস্টার ক্রিকেট’!

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১২, ২১:৩৫
৭৮ টেস্ট, ১৯টি সেঞ্চুরি, ৬১৮৩ রান, ৫১.৫২ ব্যাটিং গড়— এসবের কোনো কিছু দিয়েই তাকে চেনা যায় না। তার পরিচয় ক্রিকেট বিশ্বে একটাই— মিস্টার ক্রিকেট! হ্যা, ‘মিস্টার ক্রিকেট’ ডাক নামের ক্রিকেটার মাইকেল হাসি সেই ক্রিকেট থেকেই সরে দাঁড়াচ্ছেন। অস্ট্রেলিয়ার ক্রিকেটকে এবং বিশ্ব ক্রিকেটকে অসামান্য কিছু খেলা, দুর্দান্ত পেশাদারিত্বের বোধ এবং ক্রিকেট চেতনা উপহার দেয়া মাইক হাসি ৩ জানুয়ারি সিডনিতে শুরু হতে যাওয়া শ্রীলংকার বিপক্ষে নামবেন শেষবারের মতো টেস্ট ক্রিকেট খেলতে। শুধু টেস্ট ক্রিকেটই নয়; সব ধরনের ক্রিকেট থেকেই সরে যাবেন মাইক হাসি। চলতি অস্ট্রেলীয় মৌসুম শেষ হওয়ার পর একেবারেই তুলে রাখবেন তিনি বুট আর গ্লাভস। ক্রিকেট থেকে চলে যাবেন মিস্টার ক্রিকেট! ৩১ বছর বয়সে টেস্ট অভিষেকের আগেই বিশ্বজুড়ে দারুণ আলোচিত ক্রিকেটার ছিলেন মাইক হাসি। দেড় শতাধিক প্রথম শ্রেণীর ম্যাচে প্রায় ১৫ হাজার প্রথম শ্রেণীর রান নিয়ে বিরল এক ব্যতিক্রম হয়ে টেস্টে এসেছিলেন। এরপর থেকে চোখের সামনে অস্ট্রেলিয়ার সোনালী যুগের অবসান হতে দেখেছেন এবং প্রাণান্ত চেষ্টা করেছেন পতন ঠেকানোর। সে চেষ্টায় সফল না হলেও মাইক হাসির ফর্ম নিয়ে কোনো প্রশ্ন ছিল না। ৩৭ বছর বয়সী এই ক্রিকেটারের অবসরে তাই বিশ্ব জুড়েই তৈরি হয়েছে বিস্ময়। কেন এই চলে যাওয়া? না, এর পেছনে রাজনীতি, কোন্দল খুঁজতে যাবেন না। হাসি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, পরিবারকে সময় দিতেই তার এই সিদ্ধান্ত, ‘অস্ট্রেলিয়ার হয়ে সিডনিতে শ্রীলংকার বিপক্ষে টেস্ট ম্যাচটি আমার শেষ টেস্ট। সেই সাথে অস্ট্রেলিয়ার ক্রিকেট মৌসুম শেষে আমি আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানবো। আমার চারটি ছোট ছোট সন্তান আছে। আমি ওদের বলতে চাই যে— আমি আর দূরে যাবো না এবং অস্ট্রেলিয়ার হয়ে খেলবো না।’ অভিজ্ঞ এই বাঁ-হাতি খেলোয়াড় দারুণ এক বছর পার করছেন। চলতি বছরে চারটি টেস্ট সেঞ্চুরি করেছেন। এ বছর হাসি ১১ টেস্টে তিনি ৮৯৮ রান করেছেন। হাসি অবসরে গেলে অস্ট্রেলিয়ার লোয়ার অর্ডারে শূন্যস্থানের সৃষ্টি হবে। আর আগামী বছর ইংল্যান্ডের বিপক্ষে রয়েছে অ্যাশেজ সিরিজ। হাসি মনে করেন প্রতিটি টেস্টে রয়েছে অন্যরকম অভিজ্ঞতা। কিন্তু সিডনির টেস্ট ম্যাচটি সম্পূর্ণ আলাদা। হাসি বলেন, ‘আমি শেষ টেস্ট ম্যাচটিতে কোন চাপ ছাড়া মাঠে নামবো। মাঠে যাবো এবং উপভোগ করব।’ হাসির এই বিদায়ী সিদ্ধান্তে তার সাবেক-বর্তমান সতীর্থরা, কোচ; সকলেই বিস্মিত। কোচ মিকি আর্থার যেমন বলছিলেন, ‘হাস যখন সিদ্ধান্ত জানাল, আমি চমকে গেছি। তা কী করে হয়! তবে এটা সঠিক যে, খাটি এক চ্যাম্পিয়নের মতো সিদ্ধান্ত নিয়েছে সে।’ আর হাসির সাবেক সতীর্থ টম মুডি বলছিলেন, এই সময় হাসিকে নিয়ে দুঃখ করার নয়, ‘আমরা শুধু ওকে অভিনন্দনই জানাতে পারে। ক্রিকেট থেকে সত্যিকারের এক বিজয়ী মাথা উঁচু করে চলে যাচ্ছে। গুডবাই হাস।’ আমরাও বলতে পারি— গুডবাই, মিস্টার ক্রিকেট!