মুক্তিযোদ্ধা ও শেখ জামালের জয়

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১২, ২১:৩৫
পেশাদার ফুটবলে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব এবং মুক্তিযোদ্ধা আবার জয়ের ধারায় ফিরেছে। গতকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে শেখ জামাল ৪-০ গোলে হারিয়েছে আরামবাগ ক্রীড়া সংঘকে। অন্যদিকে ফেনীতে পিছিয়ে পড়েও সকার ক্লাবের বিপক্ষে ২-১ গোলের জয় নিয়ে ফিরেছে মুক্তিযোদ্ধা। ম্যাচে শেখ জামালের যে দাপট ছিল তাতে তারা আরো বড় ব্যবধানে জয় পেলে অবাক হওয়ার কিছু ছিল না। কিন্তু তাদের খেলোয়াড়রা সব সুযোগ কাজে লাগাতে পারেনি। আরামবাগও অল্প কিছু সুযোগ পেয়েছিল। তারা একটি সুযোগও কাজে লাগাতে পারেনি। এখন পর্যন্ত আরামবাগ পাঁচ ম্যাচ খেলে তিন পয়েন্ট পেয়েছে। একমাত্র জয়টি এসেছে সকার ক্লাবের বিরুদ্ধে। বাকি ম্যাচগুলো হারের খাতায় লেখা। অন্যদিকে শেখ জামাল পাঁচ খেলায় ১৩ পয়েন্ট পেয়েছে। একটি ড্র ছাড়া জিতেছে চারটিতে। পয়েন্ট টেবিলে আবাহনীও ১৩ পয়েন্ট পেয়েছে ছয় ম্যাচ খেলে। তিনবার গোলের সুযোগ নষ্ট করে ৩৩ মিনিটে প্রথম গোল পায় শেখ জামাল। শাকিলের কর্নার থেকে হেড করে দলকে এগিয়ে দেন নাইজেরিয়ান মাইক ওতোজারেরি। তারই স্বদেশি সানডে ৬০ মিনিটে ব্যবধান বাড়ান। তিন মিনিট পরই আলমগীর রানার বাড়িয়ে দেয়া চলন্ত বলে শট করে গোল করেন শাকিল। এই বিপর্যয় এড়াতে শেষ পর্যন্ত আরামবাগ তাদের গোলকিপার মিতুল হাসানকে তুলে নিলেও লাভ হয়নি। ইনজুরি টাইমে সানডে নিজের দ্বিতীয় গোল করে আরামবাগের কফিনে শেষ পেরেক ঠুকে দেন। ফেনীতে পাওয়া জয়টা আশীর্বাদ মনে করতে পারে মুক্তিযোদ্ধা সংসদ। আরেকটু হলেই সকার ক্লাবের কাছে হারতে বসেছিল ঢাকার দলটি। ১-০ গোলে পিছিয়ে পড়েছিল তারা। শেষ পর্যন্ত অবশ্য ২ গোল করে ম্যাচ জিতেছে। ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নাইজেরিয়ান ফুটবলার ভিক্টরি অ্যান্থনি নয় মিনিটে গোল করে সকার ক্লাবকে স্বপ্ন দেখিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্ন দ্বিতীয়ার্ধেই কুয়াশার চাদরে ঢেকে যায়। ৫১ মিনিটে নাইজেরিয়ান ফুটবলার ডার্লিংটন সমতা আনেন (১-১) এবং ৬১ মিনিটে রোকনুজ্জামান কাঞ্চনের গোলটি জয়ের স্বাদ দেয় মুক্তিযোদ্ধাকে। গতবারের রানার্সআপ মুক্তিযোদ্ধা টানা তিন ম্যাচ পর জয়ের মুখ দেখল। ছয় খেলায় দশ পয়েন্ট মুক্তিযোদ্ধার, সকার ক্লাবের পাঁচ খেলায় তিন পয়েন্ট। আজ থেকে চারদিন খেলা নেই। বৃহস্পতিবার ব্রাদার্স ও বিজেএমসি। শুক্রবার শেখ রাসেল ও আরামবাগ।