প্রথমবারের মতো আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষস্থান লাভ করার লক্ষ্য নিয়ে সফরকারী পাকিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ খেলতে আজ মাঠে নামছে স্বাগতিক ভারত। টি-টোয়েন্টি সিরিজ ১-১ এ ড্র হওয়ার পর আজ চেন্নাইয়ে ওয়ানডে ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে চিরপ্রতিপক্ষ দলদুটি। ২০১১ সালের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত ১২০ রেটিং পয়েন্ট নিয়ে বর্তমানে র্যাংকিংয়ের তৃতীয় স্থানে রয়েছে। সমান পয়েন্ট নিয়ে বর্তমানে যৌথভাবে শীর্ষে থাকা ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার চেয়ে এক পয়েন্ট পিছিয়ে রয়েছে ভারত। পয়েন্টের ভগ্নাংশে দক্ষিণ আফ্রিকার চেয়ে এগিয়ে আছে ইংল্যান্ড। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে জয়ী হতে পারলে ১২১ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে উঠবে ভারত। এ ম্যাচে জয় পেলে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা উভয় দলের চেয়ে পয়েন্টের এক ভগ্নাংশে এগিয়ে থাকবে উপমহাদেশের দেশটি।
