আগামীকাল ৩১ ডিসেম্বর বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মণি সিংহের ২২তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে তার জন্মস্থান নেত্রকোনা জেলার দুর্গাপুরে সপ্তাহব্যাপী ‘কমরেড মণি সিংহ মেলা’ আয়োজন করা হয়েছে।
গতকাল শনিবার সকালে রাজধানীর পুরানা পল্টন ‘মুক্তি ভবনে’ মেলা উদযাপন কমিটির সংবাদ সম্মেলনে জানানো হয়। মেলা উদযাপন কমিটির আহবায়ক অর্থনীতিবিদ এমএম আকাশ লিখিত বক্তব্য উপস্থাপন করেন। উপস্থিত ছিলেন সিপিবি’র সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ, ট্রেড ইউনিয়নের ঢাকা মহানগর সাধারণ সম্পাদক আসলাম খান, সিপিবি নেতা হাসান তারেক চৌধুরী সোহেল, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মানবেন্দ্র দেব এবং ক্ষেতমজুর নেতা অর্ণব সরকার। এমএম আকাশ বলেন, মেলা উদ্বোধন করবেন মণি সিংহের দীর্ঘদিনের সহচর দুর্গা প্রসাদ তেওয়ারী। মেলায় সাতদিনের অনুষ্ঠানমালায় থাকবে বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনাসভা, চক্ষু চিকিত্সা ক্যাম্পেইন, উপজাতীয় সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি।
