২০১২-তে অনেক মেধাবী নির্মাতা পেয়েছি :সজল

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১২, ২০:৫২
‘নতুন বছরকে নিয়ে যে খুব বেশি আলাদা প্ল্যানিং করেছি তা না, তবে কিছু প্ল্যানিংতো অবশ্যই আছে। কাজ তো নিয়মিতই করি, কিন্তু ২০১২তে আমি অনেক ধরনের কাজের সুযোগ পেয়েছি। তরুণ ও ব্রিলিয়ান্ট কিছু নির্মাতার সঙ্গে কাজের সুযোগ হয়েছে। যেসব কাজ আমার নিজেরই অনেক পছন্দ হয়েছে। আমরা সবাই যারা অভিনয় করি, তাদের সবারই ইচ্ছা থাকে নিজেকে নতুনভাবে প্রেজেন্ট করার, ভালো কাজগুলোর সঙ্গে জড়িত রাখার। সেটা আমার হয়েছে, কিছু কাজ ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে আমার। বলা যায় ২০১২-তে অনেক মেধাবী নির্মাতা পেয়েছি। তারা তাদের প্রজেক্টগুলোকে অনেক বেশি ভালোবাসে। চোখে পড়ার মতো, আর্কাইভের ফ্রন্টে রাখার মতো কাজ করেছি। এর মধ্যে কয়েকজনের নাম না বললেই নয়, যেমন পার্থ সরকার, তানিম রহমান অংশু, সৈয়দ জামিম, আলভী আহমেদ, রবি হাসান, ডিও শুভ, অনন্য ইমন, মোর্শেদ হাসান, শহীদুন্নবীসহ আরও অনেকে যাদের নাম ঠিক এই মুহূর্তে বলা হয়ে উঠছে না। এরকম নিউ মেকারদের সঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে। তাদের অনেকেই আমাকে নতুনভাবে প্রেজেন্ট করার চেষ্টা করেছে। তবে নতুন বছরে আমি আবার পূর্ণোদ্যমে ব্যস্ত হয়ে পড়ব। গত মাসে তো টানা ২৫ দিন কোনো কাজের শিডিউল দিইনি। ইচ্ছেমতো বিশ্রাম নিয়েছি। এটা খুব প্রয়োজন ছিল। অনেকগুলো স্ক্রিপ্ট পড়েছি যা নতুন বছরে কাজ করার জন্য বাছাই করেছি।’ নতুন বছরকে স্বাগত ও পুরোনো বছরকে বিদায় নিয়ে ঠিক এভাবেই নিজের অভিব্যক্তি প্রকাশ করলেন সময়ের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা সজল।