দর্শক সারিতে ছিলেন আর্সেনালের কিংবদন্তী ফরাসী খেলোয়াড় থিয়েরি অঁরি; আর মাঠ মাতাচ্ছেন ইংলিশ তারকা থিও ওয়ালকট। আর মাঠে এই সময়ে যে নৈপুণ্য দেখাচ্ছেন ওয়ালকট তাতে আর্সেনাল সমর্থকরা ভাবতেই পারেন, অঁরির পর এতোদিনে যোগ্য নায়ক খুঁঁজে পেলো তাদের দল। শনিবার রাতে ওয়ালকটের হ্যাটট্রিকেই নিউক্যাসল ইউনাইটেডকে ৭-৩ গোলের বড় ব্যবধানে হারিয়েছে গানার শিবির।
জয়ের ধারায় আছে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দল ম্যানচেস্টার ইউনাইটেডও। নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়ামে তারা ২-০ গোলে হারিয়েছে ওয়েস্ট ব্রুমউইচ অ্যালবিয়নকে। ম্যানচেস্টার সিটি ৪-৩ গোলে হারিয়েছে নরউইচ সিটিকে।
স্কোর লাইন দেখে মনে হতে পারে নিজেদের মাঠ এমিরেটস স্টেডিয়ামে এক তরফা ভাবে জয় পেয়েছে কোচ আর্সেন ওয়েঙ্গারের দল। তবে, ব্যাপারটা মোটেও তেমন ছিল না। তিনবার সমতায় ফিরে আসে সফরকারী নিউক্যাসল দল। তবে, ম্যাচের শেষভাগে ব্যবধান গড়ে দেন সেই ওয়ালকট ও অলিভার গেরু। ৭০ মিনিটে কাগজে কলমে ম্যাচে ছিল নিউক্যাসল। এরপর এই দুই খেলোয়াড়ের সৌজন্যে আরো চারবার বিপক্ষের জালে বল জড়ায় আর্সেনাল। শেষ পর্যন্ত তাই ৭-৩ গোলের জয়টা সহজ হয়ে যায় তাদের জন্য।
এই জয়ে ৩৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আর্সেনাল। ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের দল। ওয়েস্ট ব্রুমউইচের বিপক্ষে ম্যাচে দলের হয়ে ৯০ মিনিটে গোল করেন ডাচ ফরোয়ার্ড রবিন ফন পার্সি।
এদিকে নরউইচ সিটিকে ৪-৩ গোলে হারিয়েছে গতবারের শিরোপা জয়ী দল ম্যানচেস্টার সিটি। তবে, কোচ রবার্তো মানচিনির দলকে কাঁপিয়ে দিয়েছিল রাসেল মার্টিনের জোড়া গোল। তবে, এডিন জেকোর জোড়া গোল ও সার্জিও অ্যাগুয়েরোর গোলে জয় নিশ্চিত হয় ম্যানসিটির। এই জয়ে দ্বিতীয় অবস্থানে থাকা ব্লু মুন দলের পয়েন্ট বেড়ে দাঁড়ালো ৪২।
আগের ম্যাচে ম্যানচেস্টার সিটিকে ১-০ গোলে হারানো স্যান্ডারল্যান্ডকে শনিবার নিজেদের মাঠ স্টেডিয়াম অব লাইটে অ্যারন লেননের গোলে ২-১ পরাজিত হতে হয় টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে। ফলে কোচ আন্দ্রে ভিলাস বোয়াসের দলের পয়েন্ট এখন ৩৬।
শনিবারের ম্যাচের ফলাফল
স্যান্ডারল্যান্ড ১ টটেনহ্যাম হটস্পার ২
অ্যাস্টন ভিলা ৩ উইগান অ্যাথলেটিক ০
ফুলহ্যাম ১ সোয়ানসি সিটি ২
রিডিং রয়্যালস ১ ওয়েস্টহ্যাম ইউনাইটেড ০
স্টোক সিটি ৩ সাউদাম্পটন ইউনাইটেড ৩
আর্সেনাল ৭ নিউক্যাসল ইউনাইটেড ৩
