বিজয় দিবস হকি ফেডারেশন একাদশ চ্যাম্পিয়ন

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১২, ২১:৩৫
বাংলাদেশ হকি ফেডারেশন একাদশ সাউথইস্ট ব্যাংক বিজয় দিবস হকি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল রবিবার বিকালে মওলানা ভাসানি হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ফেডারেশন একাদশ ৪-১ গোলে হারিয়েছে বিকেএসপিকে। চ্যাম্পিয়ন দলের কৃষ্ণ কুমার ফাইনালে হ্যাটট্রিক করেন। অন্য গোলটি জিমির। রানার্স-আপ দল বিকেএসপি চার গোলে পিছিয়ে থাকার পর আত্মঘাতী গোলে ব্যবধান কমায়। চ্যাম্পিয়ন দল ৩০ হাজার এবং রানার্স-আপ দল ২০ হাজার টাকা পেয়েছে। সমান ১৩টি গোলের সুবাদে কৃষ্ণ কুমার ও জিমি সেরা গোলদাতার পুরস্কার পান। ফেডারেশন একাদশের গোলরক্ষক ও অধিনায়ক জাহিদ হোসেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়ে পেয়েছেন পাঁচ হাজার টাকা করে। ফাইনাল শেষে পুরস্কার বিতরণ করেন সাউথইস্ট ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক এস এম মাইনুদ্দীন চৌধুরী। জাতীয় হকি দলকে অনুশীলনের মধ্যে রাখার জন্য এবার বিজয় দিবস টুর্নামেন্টে খেলানো হয়েছে। ছয় দলের মধ্যে বিমানবাহিনী, নৌবাহিনী, পুলিশ এবং সেনাবাহিনীও এই টুর্নামেন্টে অংশ নেয়।