পরিবেশ ও বন মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর দেশের অর্থনৈতিক অগ্রগতি এবং মানবসম্পদ উন্নয়নের সূচকে বাংলাদেশের অভূতপূর্ব অগ্রগতি হয়েছে। রবিবার সচিবালয়ে গত ৪ বছরে পরিবেশ ও বন মন্ত্রণালয়সহ সরকারের অগ্রগতি সম্পর্কে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের প্রথম অর্থ বছরে ৮৬ হাজার কোটি টাকার বাজেট পেশ করেছিল। আর গত অর্থ বছরে সেই বাজেটের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৯১ হাজার কোটি টাকায়। ২০০৯ সালে জিডিপিতে প্রবৃদ্ধির হার ছিল প্রায় সাড়ে ৫ শতাংশ যা বর্তমানে সাড়ে ৬ শতাংশের বেশি। তত্ত্বাবধায়ক সরকারের আমলে দেশের রপ্তানি আয় ছিল ১২ বিলিয়ন মার্কিন ডলার যা গত অর্থ বছরে দ্বিগুণ হয়ে ২৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। বিএনপির শাসনামলে সর্বশেষ বছর ২০০৫-০৬ সালে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৮.১ বিলিয়ন মার্কন ডলার। বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ১৪ বিলিয়ন মার্কিন ডলারের উপরে। বিএনপি সরকারের প্রথম তিন বছরে বিদেশে মানবসম্পদ রপ্তানির পরিমাণ ছিল ৬ লাখ ৯০ হাজার আর বর্তমান সরকারের প্রথম তিন বছরে মানবসম্পদ রপ্তানি হয়েছে ১৩ লাখ ২৫ হাজার জন।
