জাতীয় সংসদে সরাসরি নির্বাচনের মাধ্যমে সংরক্ষিত নারী আসন সংখ্যা এক তৃতীয়াংশ অথবা অন্তত একশ’তে উন্নীত করার দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। সংসদের আগামী শীতকালীন অধিবেশনেই এ বিষয়ে বিল উত্থাপন এবং তা পাস করার আহবান জানিয়েছে সংগঠনটি।
গতকাল রবিবার বিকালে রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক সমাবেশে এ দাবি জানানো হয়। নির্বাচনী এলাকা পুন:নির্ধারণ, নারী উন্নয়ন নীতিমালা পূর্ণ বাস্তবায়নসহ ১১ দফা দাবি বাস্তবায়নের আহবান জানান সমাবেশে দেশের বিভিন্ন জেলা থেকে আগত অতিথিরা। সমাবেশে সভাপতির বক্তব্যে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা ৩৩ শতাংশে উন্নীত করা হবে বলে প্রতিশ্রুতি দেয়া হয়েছিল। নারী উন্নয়ন নীতিতেও নারীর রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যেও এ কথা বলা হয়েছে। এছাড়া বর্ধিত সংরক্ষিত আসনে প্রত্যক্ষ ভোটে নির্বাচনের উদ্যোগ গ্রহণেরও প্রস্তাব ছিল নীতিতে। বর্তমান জাতীয় সংসদে সংরক্ষিত নারীআসন সংখ্যা বৃদ্ধি পেয়ে ৫০-এ উন্নীত হয়েছে। কিন্তু সরাসরি নির্বাচনের বিষয়টি উপেক্ষিত হয়েছে।
মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, সরকারের উচ্চ পর্যায় থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নারী জনপ্রতিনিধি থাকলেও সমাজে নারী নির্যাতনের ঘটনা কমেনি।
