প্রাক প্রাথমিক বিদ্যালয়ে ১৫ হাজার শিক্ষক নিয়োগ দেয়া হবে

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১২, ২১:৪৬
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় জানানো হয়েছে চলতি অর্থ বছরের মধ্যে প্রাক প্রাথমিক বিদ্যালয়ে ১৫ হাজার শিক্ষক নিয়োগ দেয়া হবে। রবিবার সংসদ ভবনে কমিটির সভাপতি আলহাজ্ব মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ তথ্য জানানো হয়। কমিটির সদস্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডা. আফছারুল আমীন ও প্রতিমন্ত্রী মোঃ মোতাহার হোসেন, মোঃ আতিউর রহমান আতিক, আফাজ উদ্দিন আহমেদ, আব্দুল মান্নান, অধ্যক্ষ খাদিজা খাতুন শেফালী এবং জোবেদা খাতুন সভায় অংশ নেন। পূর্ববর্তী সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের অগ্রগতি এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় রিপোর্ট সংসদে উপস্থাপন সম্পর্কে আলোচনা করা হয়। সভায় জানানো হয়, ২০১২-১৩ অর্থবছরে নতুন পদ সৃষ্টি করে ১৫ হাজার প্রাক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলছে। এছাড়া ২০১৩ এর জুলাইয়ে ৭৬৭২ জন, ২০১৪ সালে আরো ১৫ হাজার শিক্ষক নিয়োগের পরিকল্পনা রয়েছে। বহু বছর একই বিদ্যালয়ে কর্মরত প্রধান শিক্ষকদের অন্যত্র বদলি করার বিষয়ে জানানো হয় যে, বদলি সংক্রান্ত বিদ্যমান সংশোধিত নীতিমালা অনুযায়ী কোন শিক্ষকের যোগদানকৃত বিদ্যালয়ে তার চাকরির বয়স ২ (দুই) বছর পূর্ণ হলে বদলিযোগ্য বলে গণ্য হবেন। কমিটি নারী শিক্ষিকাদের তাদের সুবিধার কথা বিবেচনা করে নিজ নিজ বাড়ির কাছাকাছি পদায়ন করার জন্য প্রদান করেন । সভায় আরো জানানো হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম প্রহরী পদে আউট সোর্সিংয়ের মাধ্যমে জনবল নিয়োগের সংশোধিত নীতিমালা, ২০১২ জারি করা হয়েছে। এ বিষয়ে নিয়োগের ক্ষেত্রে নিয়োগ অনুমোদনকারী কর্তৃপক্ষ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সংশ্লিষ্ট সংসদ সদস্যের সাথে পরামর্শক্রমে নিয়োগ চূড়ান্ত করবে।