ইদানীং ভারতের ছবিতে প্রায়ই হলিউডি তারকাদের দেখা মিলে। এমনকি হলিউডের হার্টথ্রব তারাকারাও অংশ নিয়ে থাকেন। সেই ধারাবাহিকতায় এবার ভারতের একটি ছবিতে কাজ করতে যাচ্ছেন বিশ্বখ্যাত জনপ্রিয় কণ্ঠশিল্পী ব্রিটনি স্পিয়ার্স। ভারতের তামিল ফিল্মের সল্ট এন পেপ্পার প্রোডাকশন হাউজের নির্মাতা সদানন্দন ল্যুসাম তার নতুন ছবিতে কাস্টিং করেছেন ব্রিটনিকে। তবে ব্রিটনি স্পিয়ার্স এই ছবিতে অভিনয় করবেন না। হিন্দি ও ইংরেজি ভাষায় নির্মিতব্য এই ছবির বিশেষ একটি গান গাইবেন ব্রিটনি স্পিয়ার্স এবং গানটিতে ব্রিটনি নিজেই পারফর্ম করবেন বলে জানান সদানন্দন। তিনি আরও জানান, এরইমধ্যে ব্রিটনির ম্যানেজারের সঙ্গে প্রাথমিক লেনদেনের কাজও শেষ হয়ে গেছে। ছবিটির নাম এখনও ঠিক হয়নি, তবে এর শুটিং চলছে। খুব শীঘ্রই ব্রিটনির পারফর্মেন্সও ধারণ করা হবে। তারপর বেশ আয়োজন করেই ভিডিও ফুটেজ প্রকাশ করা হবে। একইসঙ্গে তখন ছবিটির নামও প্রকাশ করা হবে। সদানন্দন আরও জানান, এই চলচ্চিত্রের প্রচারণার স্বার্থেই ব্রিটনিকে ভারতে আনারও চিন্তা-ভাবনা চলছে। এ নিয়ে তার সাথে ব্রিটনির কথাও হয়েছে, তবে ফাইনাল কিছু হয়নি।
