রোমেল আলীর মিক্সড অ্যালবাম ‘জীবন জুড়ে’

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১২, ২০:০৮
রোমেল আলীর ফিচারিংয়ে বাংলাদেশের একগুচ্ছ জনপ্রিয় শিল্পীর অংশগ্রহণে একটি অ্যালবাম মুঠোফোনে প্রকাশ পাচ্ছে। নতুন বছরকে বরণ করে নেওয়ার উদ্দেশ্যে আজ এর আনুষ্ঠানিক মুক্তির তারিখ ঘোষণা করা হয়। দেশে পেশাদার সংগীতশিল্পী হিসেবে রোমেল আলীর সুদীর্ঘ ২৫ বছরের অভিজ্ঞতা রয়েছে। তিনি দেশীয় ও আন্তর্জাতিক শিল্পীর কণ্ঠে বহু সংগীতের সুরারোপ করেছেন। একইসঙ্গে তিনি এ দেশের একজন সেরা পিয়ানিস্ট ও সুরকার। তার রয়েছে যুক্তরাষ্ট্রের গিটার সেন্টারের প্রধান কয়েকটি কোম্পানি, যেমন—রোলান্ড, কর্গ ও ইয়ামাহার সঙ্গে ম্যানেজমেন্ট স্কিলে সার্টিফিকেশন। তিনি এয়ার সাপ্লাইয়ের সঙ্গে ভ্রমণ করেছেন, বাজিয়েছেন আরেথা ফ্রাংকলিন এবং জিতেছেন একটি ল্যাটিন গ্র্যামি অ্যাওয়ার্ড। এই অ্যালবামে তিনি বাংলাদেশের খ্যাতনামা শিল্পীদের জন্য সংগীত আয়োজন ও সুরারোপ করেছেন। এর মধ্যে রয়েছে বাপ্পা মজুমদারের কণ্ঠে ‘জীবন জুড়ে’, হাবিব ওয়াহিদের কণ্ঠে ‘তুমি আমার জীবন’, কণার ‘ আমি ফিরব না’, বাবনা করিমের ‘ভেঙ্গে দেই’, শাফিন আহমেদের ‘শূন্যতায়’, এলিটার ‘আমি স্বাধীন’, পলাশের ‘আলোর জানালা’, নিঝুর ‘তোমারি অপেক্ষা’, উপলের ‘শ্রাবণের মেঘ’, সিমিনের ‘ভালোবাসার গোলাপ’ এবং এর পাশাপাশি তিনি নিজের জন্যও কিছু গান সুরারোপ করেছেন।