বিপিএলে আসছে না পাকিস্তানিরা!

তারপরও হবে বিপিএল...

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১২, ২১:৩৩
ঢাকায় বিসিবি সভাপতি পাকিস্তান সফর স্থগিত করার আগেই সে দেশে খবর পৌঁছে গেছে। বাংলাদেশ এই সফর স্থগিত করায় যেমন আশা করা গিয়েছিল, তেমনই প্রতিক্রিয়া দেখাতে যাচ্ছে পিসিবি। সে দেশের পত্রিকা ডন-এর খবর অনুযায়ী, পিসিবি এরই মধ্যে বিপিএলের জন্য পাকিস্তানি কোনো খেলোয়াড়কে অনাপত্তিপত্র (এনওসি) না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত অনুমিত ছিল বলেই বিপিএলের আয়োজকরাও এটা মেনে নিয়েছেন। তারা সফর বাতিলের সঙ্গে সঙ্গেই বলেছেন, পাকিস্তানি খেলোয়াড় না আসলেও বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আগের মতোই হবে। কাল বিসিবি সভাপতির মতবিনিময় সভায় এ কথা বললেন বিপিএল গভর্নিং কমিটির চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা। ডন পত্রিকা বলছে, পিসিবি এরই মধ্যে এনওসি না দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে ‘অত্যন্ত কূটনৈতিক’ ও ‘ভদ্র ভাষায়’ লিখিত একটা চিঠি বিসিবিকে পাঠানোর জন্য প্রস্তুত করেছে। তাদের পিসিবি সূত্র এই খবর নিশ্চিত করেছে। এ সিদ্ধান্তে বিপিএলের আয়োজকরা অন্তত তাদের অবস্থান থেকে সরছেন না। বিপিএল কমিটির চেয়ারম্যান বলেন, ‘পিসিবি যদি খেলোয়াড় নাও পাঠায় তবুও আমরা খেলা চালিয়ে যাব। এর জন্য অবশ্য সবার সহযোগিতা দরকার’। বিপিএলের দ্বিতীয় আসরের নিলামে ৫৭জন খেলোয়াড়ের নিলাম অনুষ্ঠিত হয়। এর মধ্যে শহিদ আফ্রিদি, ইমরান নাজির, শোয়েব মালিক, আব্দুল রাজ্জাক, উমর আকমল অন্যতম। পাকিস্তানের এসব তারকা খেলোয়াড় না আসলে বিপিএল তার জৌলুস হারানোরই কথা। কিন্তু আয়োজকরা আশাবাদী পিসিবি যদি এ ব্যাপারে সমর্থন না দেয়, তবুও তারা সফলভাবে বিপিএল আয়োজন করবে। অবশ্য পাকিস্তানি খেলোয়াড়রা না এলে একটা ধাক্কা যে লাগবে তা বোঝা গেল বিপিএল গভর্নিং কমিটির সদস্য সচিব ডাক্তার আই এইচ মল্লিকের কথায়, ‘ভারতীয় খেলোয়াড়রা আইপিএল ছাড়া অন্য কোথাও খেলতে পারবে না। এশিয়া ক্রিকেটে ভারত ও পাকিস্তান হচ্ছে শক্তিশালী দল। তাই ভারতীয়দের না পেয়ে আমরা পাকিস্তানের খেলোয়াড়দের বিপিএলে এনে কাভার করার চেষ্টা করি।’ বিপিএলের পাকিস্তানি ক্রিকেটার ছাড়াও অন্যান্য প্রসঙ্গে কথা হল কাল মতবিনিময় সভায়। দ্বিতীয় আসর শুরু হবে আগামী ১৭ জানুয়ারি। ৩০ ডিসেম্বরের মধ্যে ফ্রাঞ্চাইজিরা খেলোয়াড়দের প্রথম আসরের পাওনা পরিশোধের কথা থাকলেও তা পরিশোধ হয়নি বলে জানা গেছে। কাল এ প্রসংগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘যদি কোন ফ্রাঞ্চাইজি বিপিএল শুরুর আগে খেলোয়াড়দের পাওনা পরিশোধ না করে তাহলে তাদের ফ্রাঞ্চাইজি বাতিল করা হবে। চুক্তিতে লেখা আছে, বিসিবি আইনগত ব্যবস্থা নিবে। আমরা ফ্রাঞ্চাইজি বাতিল করবো’।