কলকাতার ইডেন গার্ডেনে আগামী বৃহস্পতিবার অনুষ্ঠেয় ভারত-পাকিস্তানের ম্যাচকে ঘিরে যাতে কোন রকমের জুয়া কিংবা ম্যাচ পাতানোর মতো কিছু না ঘটে, সেজন্য তত্পর হয়েছে ক্রিকেটের বিশ্ব সংস্থা আইসিসি ও ভারতীয় বোর্ড। তাই অন্যান্যবার আন্তর্জাতিক সিরিজের ম্যাচে যেখানে আইসিসি’র অ্যান্টি করাপশন ইউনিটের (এসিইউ) এক জন প্রতিনিধি থাকেন, সেখানে এবার ইডেনে থাকছেন দু’জন।
ভারতের আনন্দবাজার পত্রিকা জানায় ইডেনে এসিইউ’র দুই কর্মকর্তা এনএস ভির্ক এবং ধরমবীর সিংহ যাদব থাকবেন। সন্দেহজনক ব্যক্তিরা যাতে ড্রেসিংরুম বা টিম হোটেলের কাছে ঘেঁষতে না পারে, সেই দিকে কড়া নজর রাখার জন্য এদের সঙ্গে ভারতীয় বোর্ডের অ্যান্টি করাপশন সেলের রবি সাওয়ান্তও থাকবেন।
পাকিস্তান দল গতকাল সোমবার দুপুরে চার্টার্ড বিমানে কলকাতায় পৌঁছায়। তবে ভারতীয় ক্রিকেটারদের অধিকাংশ আজ মঙ্গলবার শহরটিতে পৌঁছাবেন বলে খবর দেয় পত্রিকাটি। নতুন বছর উপলক্ষে তাদের এক দিন ছুটি দেয়া হয়েছে। ইডেনে যে উইকেটে ভারত-ইংল্যান্ড টেস্ট ম্যাচ হয়েছিল, ভারত-পাকিস্তানের ওয়ানডেটিও হবে সেখানেই। টেস্ট উইকেটে ঘাস ছিল না বললেই চলে। এ বার হাল্কা ঘাস থাকবে বলে জানিয়েছেন কিউরেটর প্রবীর মুখোপাধ্যায়। বাউন্স এবং গতিও থাকবে এই উইকেটে।
