ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে ডানকান ফ্লেচারের সঙ্গে দুই বছরের চুক্তির মেয়াদ প্রায় শেষের দিকে। এমন অবস্থায় দেশটির সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি আগামী বছর থেকে দলের কোচ হিসাবে সেদেশের কাউকে নিয়োগ দেয়ার আহ্বান জানিয়ে বলেন, দলের কোচ হওয়ার মতো অনেক মেধাবী ভারতীয় রয়েছেন।
গাঙ্গুলি বলেন, ‘আমাদের দলে একজন ভারতীয় কোচ থাকা দরকার এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে দলের কোচ হওয়ার মত ভারতে অনেক মেধাবী ব্যক্তি রয়েছেন।’
উইজডেন ইন্ডিয়া অ্যালম্যানাক এর উদ্বোধনী অনুষ্ঠানের পর এক আলোচনা সভায় গাঙ্গুলি বলেন, ‘এটা কোন নির্দিষ্ট ব্যক্তির ব্যাপার নয়। তবে আমি মনে করি ভারতীয় একজনকে দলের কোচ হিসাবে নিয়োগ দেয়ার সময় এসেছে।’
আগামী মার্চে ফ্লেচারের সঙ্গে দুই বছরের মেয়াদ শেষ হচ্ছে। তার অধীনে দলের পারফরমেন্স ভাল না হওয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) চুক্তির মেয়াদ বাড়াবে না বলেই সবার বিশ্বাস। ফ্লেচারের অধীনে ভারতীয় দল অস্ট্রেলিয়া সফরে হোয়াইটওয়াশ হওয়া ছাড়াও ইংল্যান্ডের কাছে ‘হোম এন্ড অ্যাওয়ে’ সিরিজে পরাজিত হয়েছে। ভারতীয় দলের বর্তমান তারকা খেলোয়াড় বিরাট কোহলি এবং ব্যাটিং গ্রেট রাহুল দ্রাবিড়ের ছবি সম্বলিত ম্যাগাজিনটির প্রথম সংখ্যা বিসিসিআই সভাপতি এন শ্রীনিবাসনের হাতে তুলে দেয়া হয়। উইজডেন ইন্ডিয়া’র সম্পাদকীয় বোর্ডের বর্তমান সভাপতি গাঙ্গুলি ম্যাগাজিনটির একটি কপি কোহলির হাতে তুলে দেন। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং রবিচন্দ্রন অশ্বিনও উপস্থিত ছিলেন তখন।-বাসস
