পুরাতন বিদায় নেবে। নতুনের আগমন ঘটবে। এটাই নিয়ম। একটি বছর শেষ। মানে নতুন বছরের পদধ্বনি শোনা। মেলাতে হচ্ছে অনেক হিসাব। পাওয়া না পাওয়ার হিসাব। তবে নতুন বছরে ভালো থাকার প্রত্যাশা থাকে। ‘সব কিছুতে ইতিবাচকতা’ হোক নতুন বছরের অঙ্গীকার। নতুন বছরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রত্যাশা জানার চেষ্টা করেছি। তবে একেকজনের প্রত্যাশা যেন একেকরকম।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র আব্দুল খালেক ইমন বলেন, ‘আমরা যখন দিনবদলের কথা শুনি, তখন মনটা ভরে যায়। স্বপ্ন দেখি সামনের দিনগুলো অনেক বেশি ভালো যাবে। কিন্তু আমাদের এই স্বপ্ন স্বপ্নই থেকে যায়। স্বপ্ন যেন দুঃস্বপ্ন না হয়- এমন প্রত্যাশা করি।’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ছাত্র এসএম নুরুল মোসাব্বির মনি বলেন, ‘আমরা নতুন করে পথ চলতে পারব। নতুন স্বপ্নের কথা বলতে পারব। সব ধরনের প্রতিকূলতা মাড়িয়ে এগিয়ে যেতে পারব সামনে। দেশের মানুষের প্রত্যাশা এরকমই। সবার চাওয়া ভবিষ্যত্ যেন ভালো হয়।’
একই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী রাকিবা সুলতানা রত্না বলেন, ‘যে কোনো মূল্যে আমরা সুন্দর একটা আগামী চাই। সুন্দর আগামী মানেই আমাদের ভালোভাবে বাঁচা। আর ভালোভাবে বাঁচতে পারা মানেই একে অপরের জন্য কিছু করতে পারা। আর আমরা যখন একে অপরের জন্য কিছু করতে পারব, তখন এমনিতেই আমাদের দেশ এগিয়ে যাবে।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্রী মোবাশ্বেরা জাহান বলেন, ‘২০১২ সালটা ঘটনাবহুল একটা বছর। আমরা চাইলেও এ সালটাকে এত সহজে ভুলতে পারব না। তবুও আমরা আমাদের বৃহত্তর স্বার্থে এ বছরের অনেক কিছুই ভুলে যেতে চাই। আর ভুলতে চাই মূলত আগামী বছরটা সুন্দর থাকার প্রত্যাশায়।’
একই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সানজিদা জিনিয়া বলেন, ‘নতুন বছরকে উপলক্ষ করে নেতিবাচক অনেক কিছুই হয়। আমাদের ইতিবাচক বিষয় খুঁজে বের করতে হবে। আমরা নতুন বছরে দেখতে চাই না রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহূত তারুণ্য।’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্রী সোহেলী আক্তার মুক্তা বলেন, ‘ক্যাম্পাসে আত্মহত্যা বাড়ছে। এটা নিয়ে তেমন কোনো পদক্ষেপ চোখে পড়ছে না। নতুন বছরে কামনা করি এ ধরনের ঘটনা যেন আর না ঘটে। এ প্রত্যাশা কতটুকু সত্য হবে জানি না।’
একই বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের ছাত্র মো. আমিনুল ইসলাম বলেন, ‘ভালো বন্ধুর মাধ্যমে বদলে যেতে পারে অন্ধকারাচ্ছন্ন পথ। বয়ে আনতে পারে সরল পথের হাতছানি। ভালো বন্ধু খুঁজে পাক সবাই এমনটাই প্রত্যাশা।’
ইডেন সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী কামরুন নাহার বলেন, ‘আসুন আমরা সবাই দেশকে নিজের মায়ের মতো ভালোবাসতে শিখি। তবেই দেশে উন্নয়নের গতিধারা অব্যাহত থাকবে। মাতৃভূমিকে বন্ধু ভেবে সবাইকে দায়বদ্ধতা নিয়ে কাজ করা উচিত।’
একই কলেজের দর্শন বিভাগের ছাত্রী সায়রা সাকিয়া বলেন, ‘নতুন বছরে তারুণ্য জেগে উঠুক নবউদ্যমে। আমাদের সকলের কামনা হোক সবার মঙ্গল। আমরা দেখতে চাই ভালো কাজে নিয়োজিত তারুণ্য। বাস্তবতা যত বৈরী হোক তরুণ প্রজন্মকে ধৈর্য ধরে তা মোকাবিলা করতে হবে।’
বরিশাল সরকারি হাতেম আলী কলেজের ছাত্র নাজমুল ইসলাম মামুন বলেন, ‘নতুন বছরে শিক্ষাক্ষেত্রে আরো উন্নয়ন দেখতে চাই। শিক্ষার অভাব পূরণ হলে অন্যান্য প্রয়োজনীয়তা স্বাভাবিকভাবেই আর অবশিষ্ট থাকে না।’
