পাবনার ভাঙ্গুড়া ইউনিয়ন হাইস্কুলের ৭৫ বছর পূর্তিতে বিদ্যালয় প্রাঙ্গণে উদযাপিত হয় প্লাটিনাম জুবিলী। উদ্বোধন করেন এই বিদ্যালয়েরই প্রাক্তন ছাত্র মো. মকবুল হোসেন এমপি। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আরেক প্রবীণ ছাত্র প্রাক্তন সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় সংক্রান্ত এক্রিডিটেশন বোর্ডের চেয়ারম্যান মো. ময়েন উদ্দিন মিয়াজী । উদযাপন কমিটির সভাপতি আব্দুল জাব্বার ছানার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র সরকারি এডওয়ার্ড কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর বয়েন উদ্দিন, স্কয়ার হাসপাতালের এ্যানেসথেসিয়া বিশেষজ্ঞ প্রফেসর ডা. খলিলুর রহমান, বাংলাদেশ ব্যাংকের কনসালটেন্ট ও শিশু বিশেষজ্ঞ ডা. আনছার আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ব্যবসা বিভাগের অধ্যাপক প্রফেসর ড. আবু হোসেন সিদ্দিকী, প্রাক্তন শিক্ষক এফ রহমান ও মোহাম্মদ আলী, ভাঙ্গুড়া উপজেলা চেয়ারম্যান মো, বাকি বিল্লাহ, হাজী জামাল উদ্দিন ডিগ্রি অনার্স কলেজের অধ্যক্ষ মো. শহিদুজ্জামান, ভাঙ্গুড়া ইউনিয়ন হাইস্কুলের সভাপতি মো. আমিরুল ইসলাম ও প্রধান শিক্ষক মো. জাইদুর রহমান, মো. লোকমান হোসেন, নূরমোজাহিদ স্বপন, প্রভাষক রবিউল করিম প্রমুখ। এর আগে বিশেষ গাউন পরিহিত প্রাক্তন শিক্ষার্থীদের একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি ভাঙ্গুড়া উপজেলা সদর প্রদক্ষিণ করে। দিনটি উদযাপনে বিদ্যালয় চত্বর বর্ণিল সাজে সজ্জিত করা হয়। সহস্রাধিক নবীন ছাত্র-ছাত্রীর সাথে প্রায় ৫শ প্রবীণ শিক্ষার্থী প্লাটিনাম জুবিলীতে অংশ নেন। এদিন বিদ্যালয় চত্বর পরিণত হয় নবীন আর প্রবীণের মিলনমেলা। এ সময় ছাত্রদের মধ্যে পরিলক্ষিত হয় ব্যাপক আনন্দ-উত্সাহ। স্মৃতিচারণ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন। অনেকের রমাঞ্চকর বক্তব্যের সময় সহপাঠীদের উল্লাস করতে দেখা যায়। বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বাংলাদেশ তথ্য কমিশনের সচিব মো. ফরহাদ হোসেন। সন্ধ্যায় মঞ্চে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান। এতে স্থানীয় শিল্পী ও ক্লোজ আপ ওয়ানের শিল্পী নিশিতা বড়ুয়া সংগীত পরিবেশন করেন।
