সেরেনা উইলিয়ামস তার দুর্দান্ত ফর্মকে নতুন বছরেও টেনে নিয়ে এলেন ব্রিসবেনে মঙ্গলবার অ্যালাইজ কর্নেটের বিরুদ্ধে ৬-২, ৬-২ গেমে জিতে। অপরদিকে ইনজুরির কারণে সরে দাড়াতে হলো রুশ তারকা মারিয়া শারাপোভাকে। বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনের আগে নিজেকের ফিট রাখতে সতর্ককতা হিসেবেই শারাপোভা এই সিদ্ধান্ত নেন।
বিশ্বের দুই নম্বর খেলোয়াড় এবং ২০১২ সালে উইম্বলডন, লন্ডন অলিম্পিক্স, ইউএস ওপেন এবং মৌসুম সমাপনী ডব্লিউটিএ চ্যাম্পিয়নশিপ জেতা সেরেনাকে তার প্রতিপক্ষ কর্নেটের বিরুদ্ধে এক ঘন্টার বেশি খেলতে হয়নি। এ জয়ে তিনি বছরের প্রথম টুর্নামেন্টটির কোয়ার্টার ফাইনালে পৌছে যান। কিন্তু একই সৌভাগ্য হয়নি ২০১১ সালের চ্যাম্পিয়ন পেত্রা কভিতোভার। তিনি সরাসরি সেটে হেরে যান। তবে ড্যানিয়েলা হান্তুশকোভার কাছে ৪-৬, ৬-১ ও ৭-৫ গেমে বিশ্বের পাচ নম্বর খেলোয়াড় সারা এরানির হার এবং স্যাম স্টোসার ও ক্যালোলিন ওজনিয়াকির প্রথম রাউন্ড থেকেই বিদায়ে বছরের প্রথম টুর্নামেন্টটি আকর্ষণ হারিয়ে ফেলেছে। কেননা এদের বিদায়ে ব্রিসবেন ওপেনে অংশ নিতে আসা বিশ্বের শীর্ষ ১০ খেলোয়াড়ের মধ্যে অর্ধেকই বিদায় নিলেন দ্বিতীয় রাউন্ডের মধ্যে।
শারাপোভা মঙ্গলবার নিজের প্রথম ম্যাচের আগে কলারবোনে ব্যাথা অনুভব করায় ব্রিসবেন টুর্নামেন্টে না খেলার সিদ্ধান্ত নেন। এ সম্পর্কে ফরাসি ওপেনের চ্যাম্পিয়ন শারাপোভা বলেন, অস্ট্রেলিয়ান ওপেনের আগে নিজেকে প্রস্তুত করে তোলার জন্য আমার হাতে এখনও কিছু সময় বাকি আছে। এই মুহূর্তে আমি সঠিক পথেই আছি, অনুশীলনও বেশ ভাল হচ্ছে। তাই এখন কোন কিছু নিয়ে তাড়াহুড়ো না করে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।
ইনজুরির কারণে গত বছরের ব্রিসবেন ইন্টারন্যাশনাল থেকেও নাম প্রত্যাহার করে নিয়েছিলেন ২৫ বছর বয়সী শারাপোভা। এরপর তিনি দ্রুত সুস্থ হয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেন এবং শিরোপা লড়াইয়ে ভিক্টোরিয়া আজারেঙ্কার কাছে সরাসরি সেটে হেরে যান।-বাসস
