অস্ট্রেলিয়ার সাবেক পেসার গ্লেন ম্যাকগ্রাকে হল অফ ফেম সম্মাননা দেয়া হবে আগামী শুক্রবার। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) গত সোমবার এ ঘোষণা দেয়। সিডনিতে অস্ট্রেলিয়া ও শ্রীলংকার মধ্যকার তৃতীয় ও শেষ টেস্ট ম্যাচটির দ্বিতীয় দিনে মধ্যাহ্ন বিরতিতে এই সম্মাননা দেয়া হবে তাকে।
ম্যাকগ্রা ৬৮তম ক্রিকেটার হিসেবে এই সম্মাননা পেতে যাচ্ছেন। ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ব্রায়ান লারা গত বছরের সেপ্টেম্বরে হল অফ ফেম সম্মাননা পেয়েছিলেন।
ম্যাকগ্রা ১৯৯৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত ১২৪ টেস্ট ম্যাচ খেলে ৫৬৩ উইকেট নিয়েছেন ২১.৬৪ গড়ে রান দিয়ে। ডানহাতি এই পেসার ২৫০টি ওয়ানডে ম্যাচ খেলে ৩৮১ উইকেট দখল করেন ২২.০২ গড় রানে।
অস্ট্রেলিয়া ১৯৯৯, ২০০৩ ও ২০০৭ সালে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ জয় করে। তিনটি বিশ্বকাপের দলেই ছিলেন ম্যাকগ্রা। বিশ্বকাপে সবচেয়ে বেশি ৭১টি উইকেট শিকার করেছেন তিনি। তার সেরা বোলিং নামিবিয়ার বিপক্ষে (৭/১৫)।
ম্যাকগ্রা বলেন, ‘আইসিসি ক্রিকেট হল অফ ফেম ভোটিং একাডেমি আমাকে মনোনীত করায় আমি সম্মানিত বোধ করছি। কেননা এই কমিটিতে আছেন জীবিত সব হল অব ফেম-এ ঠাঁই পাওয়ারা। আমি ৪ জানুয়ারিতে এটা শুধু বন্ধু ও পরিবারকে নিয়েই উদযাপন করব না, সিডনি ক্রিকেট গ্রাউন্ডের সবাই থাকবেন। এই ভেন্যুটি আমার কাছে দ্বিতীয় বাড়ির মতই।’
