পার্সিকে সেরা মানছেন মানচিনি

আপডেট : ০১ জানুয়ারি ২০১৩, ২০:২২
আরেকটি দল বদলের সময়সীমা যখন দরজায় কড়া নাড়ছে ঠিক তখনই ম্যানচেস্টার সিটি কোচ রবার্তো মানচিনি জানালেন গত মৌসুমে তার দল রবিন ফন পার্সিকে কেনার প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছিল। তিনি এ কথাও বলেছেন যে, এ মৌসুমে দারুণ খেলতে থাকা পার্সিই শেষ পর্যন্ত লিগ শিরোপার ভাগ্য নির্ধারণ করে দিতে পারেন। পার্সি গত আগস্টে ২৪ মিলিয়ন পাউন্ডে ম্যানসিটির নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন। পার্সিকে দলে টানতে না পারার ব্যাপারে আক্ষেপ প্রকাশ করে মানচিনি বলেন, ‘আমরা খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম। সে (পার্সি) তার সিদ্ধান্ত নিয়েছে তবে তিন-চার মাস আগে আমরা সেখানে ছিলাম।’ গত মৌসুমে সিটি গোল ব্যবধানে ম্যানইউকে পরাজিত করলেও এ মৌসুমে পরিস্থিতি অনেকটাই ভিন্ন। লিগের মাঝপথে এসে শিরোপা লড়াইয়ে সিটি ম্যানইউর চেয়ে অনেকটাই পিছিয়ে পড়েছে। আর ম্যান ইউকে এই লিড এনে দিতে বড় ভূমিকা পালন করেছেন পার্সি। পার্সির নৈপুণ্যই লিগ শিরোপার পাল্লা ম্যান ইউর দিকে ভারী করছেন বলে মনে করছেন মানচিনি। তিনি বলেন, ‘এটা পরিষ্কার যে সে (পার্সি) সমীকরণ পাল্টে দিয়েছে। এই মুহূর্তে সেই হচ্ছে ব্যবধান। গত মৌসুমে আমরা লিগে সর্বোচ্চ গোল করেছিলাম আর দলের আক্রমণভাগের খেলোয়াড়দের পারফরমেন্সে আমি সন্তুষ্ট। এরপরেও, আমরা ফন পার্সিকে চেয়েছিলাম কারণ অন্যান্য স্ট্রাইকারদের থেকে সে একেবারেই আলাদা।’ দলের সবচেয়ে আলোচিত খেলোয়াড় মারিও বালোতেল্লি প্রসঙ্গে এই সাবেক ইন্টার কোচ জানান, এ মৌসুমে সিটির বালোতেল্লিকে ছাড়ার সম্ভাবনা নেই কারণ ক্লাব মালিক শেখ মানসুর তাকে দলে রাখতে আগ্রহী। তবে এই মৌসুমে না ছাড়লেও বালোতেল্লিকে সতর্ক করে মানচিনি বলেছেন, ‘সস্তা কথাবার্তার সময় এখন শেষ। বালোতেল্লির বয়স এখন মাত্র ২২ এবং এখনই তার জন্য সত্যিকার পেশাদার হওয়ার সময়।’ যদিও মাঠের পারফরমেন্সে বেশ কয়েকদিন ধরেই চেনা যাচ্ছে না বালোতেল্লিকে। প্রিমিয়ার লিগে এই মৌসুমে এখন পর্যন্ত মাত্র একটি গোল করতে পেরেছেন তিনি। মাঠের বাইরেও নানা ঘটনায় বছর জুড়েই আলোচিত সমালোচিত হয়েছেন এই ইতালিয়ান।