ইতালি থেকে নিজের দেশে ফিরছেন ব্রাজিলিয়ান তারকা আলেক্সান্দ্রে পাতো। তার এজেন্ট গিলমার ভেলজ জানিয়েছেন, এসি মিলান থেকে ব্রাজিলিয়ান ক্লাব করিন্থিয়ান্সে যেতে সম্মতি দিয়েছেন এ স্ট্রাইকার।
সিরি আ’র শীতকালীন মৌসুমে ব্রাজিলে ছিলেন মিলান ভাইস প্রেসিডেন্ট আদ্রিয়ানো গ্যালিয়ানি, পাতোকে পাঠানোর ব্যাপারে আলোচনাও এগিয়ে নিয়েছেন কিছুটা। সফলভাবেই কাজটি সম্পন্ন হবে বলেই মনে হচ্ছে। স্কাই স্পোর্ট ২৪‘কে তিনি বলেন,‘পাতো করিন্থিয়ান্সকে বাছাই করেছেন। ব্রাজিলে ফেরার সিদ্ধান্ত নেয়ার দিন থেকেই তার প্রথম পছন্দ ছিল করিন্থিয়ান্স।’
গিলিয়ানিও পাতোর সিদ্ধান্তের যৌক্তিকতা খুঁজে পেয়েছেন বললেন এজেন্ট, ‘আমি বুঝতে পারছি অন্য ক্লাবের অভিজ্ঞতা পেতে পাতোকে যাওয়া দরকার এবং তিনি করিন্থিয়ান্সকে পছন্দ করেন।’ ক্লাব বিশ্বকাপজয়ী দলটিও স্বাগত জানিয়েছেন বলে জানালেন, ‘করিন্থিয়ান্সও তাকে ভালোভাবে স্বাগত জানিয়েছে। তিনি যেন দলে আসতে পারেন সে ব্যাপারে সব ধরনের সহায়তাই তারা করছে। দুই ক্লাবের মধ্যে কিছু ব্যাপার এখনো বাকি আছে। কিন্তু তারা আসলেই কী করছে তা বলা আমার জন্য যথার্থ নয়।’ - বাংলা নিউজ
