নতুন বছরে চলচ্চিত্রে আসার ঘোষণা শাবনাজ নাঈমের

আপডেট : ০১ জানুয়ারি ২০১৩, ২০:২৯
নতুন বছরে আবারও চলচ্চিত্রে অভিনয়ের কথা ব্যক্ত করলেন চলচ্চিত্রের একসময়ের অন্যতম জুটি নাঈম-শাবনাজ। বাংলাদেশি চলচ্চিত্রে অশ্লীলতার তকমা লাগার পর থেকেই নাঈম-শাবনাজ নীরবেই চলচ্চিত্র থেকে দূরে সরে যান। এরপর বেশ ক’জন চলচ্চিত্রকার তাদের নিয়ে নতুন ছবির পরিকল্পনা করলেও সবাইকেই ফিরিয়ে দিয়েছেন। মাঝে চিত্রনায়ক নাঈম বেশ কিছু চলচ্চিত্র প্রযোজনার দায়িত্ব নিলেও সেটিও নিয়মিত করেননি। অবশেষে নতুন বছরে চলচ্চিত্রে কাজ করার আভাস দিলেন এই জনপ্রিয় তারকা দম্পত্তি। চিত্রনায়ক নাঈম সম্প্রতি এক ঘরোয়া পার্টিতে বলেন, ‘ছবির পরিবেশ যেহেতু ভালো হয়েছে, তাই নতুনভাবে কিছু ভালো কাজ করাই যায়। এ ছাড়া কিছু ভালো ছবির গল্প পেলে তা প্রযোজনারও ইচ্ছে আছে।’ অন্যদিকে শাবনাজ বলেন, ‘আমার কাছে সব সময়ই আমার পরিবার আগে। তবে যেহেতু চলচ্চিত্রে নতুন এক জোয়ার শুরু হয়েছে। তাই ভালো ছবির গল্প হলে অবশ্যই কিছু চলচ্চিত্রে কাজ করতে চাই। যেমন কিছুদিন আগে বলিউডের ‘ইংলিশ ভিংলিশ’ ছবিটা দারুণ লেগেছে। এ ধরনের সামাজিক গল্প হলে ছবি করব। তাই নতুন বছরের মাঝামাঝিতেই হয়তো চলচ্চিত্রের এক সময়কার জনপ্রিয় এই জুটিকে নতুনভাবে দেখবে দর্শক। উল্লেখ্য, নব্বই দশকের শুরুর দিকে তারকা গড়ার কারিগর প্রয়াত পরিচালক এহতেশামের হাত ধরে ‘চাঁদনী’ ছবিতে অভিনয় করে তারকাখ্যাতি গড়েন শাবনাজ-নাঈম জুটি।