সম্প্রতি পূবাইলে ‘এ কেমন প্রতিদান’ নাটকের দৃশ্যধারণ হলো। নাটকের গল্প গড়ে উঠেছে গ্রামীণ প্রেক্ষাপটে। আর এই নাটকের মধ্য দিয়ে প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়ে কাজ করলেন ছোটপর্দার ব্যস্ত অভিনয়শিল্পী হুমায়রা হিমু ও সনি রহমান। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন খাজা আহমেদ। হুমায়রা হিমু ও সনি রহমান ছাড়াও নাটকটিতে আরও অভিনয় করেছেন চিত্রনায়ক বাপ্পারাজ, সাদেক বাচ্চু, সিরাজ হায়দার প্রমুখ। নাটকটি প্রসঙ্গে সনি বলেন, ‘এখন অনেকগুলো নাটক নিয়ে ব্যস্ত আছি। একাধিক ধারাবাহিকও করছি। তাই চেষ্টা করছি প্রতিটি নাটকেই নিজেকে ভিন্ন ভিন্নভাবে উপস্থাপন করতে। এই নাটকের গল্পটি আমার কাছে মনে হয়েছে নিজেকে নতুন করে উপস্থাপন করার মতো কিছু একটা।’
