নতুন বছরে এনটিভিতে ‘হা-শো’

আপডেট : ০১ জানুয়ারি ২০১৩, ২০:৩০
এনটিভিতে আগামী ০৩ জানুয়ারি ২০১৩ থেকে দ্বিতীয়বারের মতো শুরু হতে যাচ্ছে দেশের প্রথম জোকস্্ পারফর্মেন্স ভিত্তিক রিয়্যালিটি শো ‘হা-শো’। অনুষ্ঠানটি প্রতি সপ্তাহের বৃহস্পতিবার ও শনিবার রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে। এবার এই অনুষ্ঠানের বিচারক হিসেবে থাকছেন অভিনেতা আব্দুল কাদের, তুষার খান এবং চিত্রনায়িকা নিপুণ। উপস্থাপনা করছেন দেবাশীষ বিশ্বাস। দেশের ৪টি বিভাগীয় শহরের হাজারো অংশগ্রহণকারীর মধ্য থেকে কয়েক দফা অডিশনের মাধ্যমে ৪০ জনকে নির্বাচিত করা হয়। পরবর্তীতে নির্বাচিত প্রতিযোগীদের ঢাকায় ক্যাম্প করে গ্রুমিংয়ের মধ্যে দিয়ে চূড়ান্তভাবে ৩২ জনকে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সুযোগ দেওয়া হয়। ইতোমধ্যে অনুষ্ঠানটির সেমিফাইনাল পর্বের ধারণ কাজ সম্পন্ন হয়েছে এবং অল্প কিছুদিনের মধ্যেই গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে এবং সেখান থেকেই জানা যাবে কে হতে যাচ্ছে ‘হা-শো ২’-এর চ্যাম্পিয়ন। অনুষ্ঠানটির পরিকল্পনা ও প্রযোজনা করেছেন হাসান ইউসুফ খান। প্রযোজক বলেন, ‘জোকস্ নিয়ে প্রতিযোগিতার আয়োজন সত্যিকার অর্থেই বেশ কঠিন। প্রথমবার অনুষ্ঠানটি আয়োজনে অনেক ভুল-ত্রুটি ছিল। আমরা চেষ্টা করছি সেগুলো শুধরে দেশীয় সংস্কৃতি ও মূল্যবোধকে সমুন্নত রেখে একটি নিখাদ হাসির অনুষ্ঠান নির্মাণ করতে।’