অস্ট্রেলিয়া আগামীকাল বৃহস্পতিবার থেকে সিডনিতে শুরু হওয়া তৃতীয় ও শেষ টেস্টে শ্রীলংকাকে হোয়াইটওয়াশের লক্ষ্যেই মাঠে নামবে। তবে এই টেস্ট ম্যাচে ছায়া হয়ে থাকছে কিংবদন্তি ধারাভাষ্যকার ও সাবেক টেস্ট ক্রিকেটার টনি গ্রেগের মৃত্যু এবং দুর্দান্ত ক্রিকেটার মাইক হাসির অবসর।
মাইকেল ক্লার্কের নেতৃত্বে স্বাগতিকরা মেলবোর্নে বক্সিং ডে টেস্টে তিনদিনের মধ্যেই সফরকারী লংকানদের ইনিংস ও ২০১ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ জয় নিশ্চিত করে। এরকম পরিস্থিতিতে সিডনি টেস্টে লংকানরা দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারাকে পাচ্ছে না। সাঙ্গাকারা আঙ্গুলের ইনজুরিতে ভুগছেন। তার ইনজুরিতে সিডনিতে প্রথমবারের মত শ্রীলংকার টেস্ট ম্যাচ জয়ের স্বপ্ন অনেকটাই ম্লান হয়ে গেছে।
বিশ্ব টেস্ট র্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে ষষ্ঠ স্থানে থাকা শ্রীলংকার জন্য জয় তুলে নেয়া যে খুব একটা সহজ হবে না তা সফরকারীরা আগের দুই টেস্টেই জেনেছে। তার উপর আগামী মাস থেকে শুরু হওয়া ভারত সফরের আগে অস্ট্রেলিয়া নিজেদের প্রস্তুত করে তুলতে এই সিরিজে তাদের শক্তিমত্তার জানান দিচ্ছে।
ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও জনপ্রিয় ধারভাষ্যকার টনি গ্রেগ ৬৬ বছর বয়সে শনিবার সিডনিতে হূদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে সাঙ্গাকারা বলেন, ‘শ্রীংলকান ক্রিকেটে গ্রেগ একজন চ্যাম্পিয়ন হিসেবেই সবসময় থাকবেন। ১৯৯৫ সাল থেকেই শ্রীলংকার খেলোয়াড় এবং জনগণের কাছে গ্রেগ একজন ভাল লাগার মানুষে পরিণত হয়েছিলেন। সারা বিশ্বে আমাদের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবার জন্য গ্রেগের অবদান অনস্বীকার্য। শ্রীলংকান না হয়েও তিনি এদেশের একজন দূত ছিলেন। তার মৃত্যুতে পুরো শ্রীলংকায় শোকের ছায়া দেখা গেছে। ’
সিডনি টেস্টে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে উভয় দল এক মিনিট নিরবতা পালন করবে এবং হাতে কালো ব্যাজ পরিধান করবে। এই ম্যাচটি আরেকটি কারণে স্মরণীয় হয়ে থাকবে। এই ম্যাচের মাধ্যমেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে যাচ্ছেন মিস্টার ক্রিকেট হিসেবে খ্যাত মাইক হাসি। চার ছেলে-মেয়েকে সময় দেবার তাগিদেই গত সপ্তাহে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন হাসি। শ্রীলংকার বিপক্ষে ৩৭ বছর বয়সী হাসি ক্যারিয়ারের সর্বোচ্চ পাচটি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। ৭৮ টেস্টে ৫১.৫২ গড়ে তার সর্বমোট সেঞ্চুরির সংখ্যা ১৯টি।
অবসর প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে হাসি বলেন, ‘‘ক্যারিয়ারের শেষ টেস্টে মাঠে নামার আগে আমি কোন ধরনের চাপ অনুভব করছি না। আমি শুধু অন্য সব ম্যাচের মতই খেলতে নামব এবং ম্যাচটিকে উপভোগ করব।”
আবহাওয়া এবং পিচ কন্ডিশন বিবেচনা করে শেন ওয়াটসনের পরিবর্তে টেস্ট দলে সুযোগ পাওয়া অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের অভিষেক ঘটতে পারে। এছাড়া বাঁহাতি সীমার মিশেল স্টার্চ পুনরায় দলে ফিরেছেন।
এদিকে শ্রীলংকার অভিজ্ঞ ব্যাটসম্যান থিলান সামারাভিরা মেলবোর্ন হতাশা ভুলে আবারো সিরিজে ফিরে আসার জন্য সতীর্থদের প্রতি আহ্বান জানিয়েছেন। তার মতে, পরাজয় মেনে নেয়া সবসময়ই কঠিন, কিন্তু এসবই এখন অতীত। নতুন বছরের টেস্টে সব পিছনে ফেলে পুনরায় শুরু করার আহ্বান জানান তিনি। সাঙ্গাকারার অনুপস্থিতির কারণে অধিনায়ক মাহেলা জয়াবর্ধনার দায়িত্ব আরো বাড়লো। যদিও সামপ্রতিক বছরগুলোতে দেশের বাইরে জয়াবর্ধনে রান খরায় ভুগছেন। বাসস
