গেল বছর ছবি রিলিজের সংখ্যা কম হলেও নতুন বছরে চলচ্চিত্রেই ব্যস্ত থাকতে চান মৌসুমী। বছরের শুরুর দিকে চাষী নজরুল ইসলামের ‘দেবদাস’ ছবি রিলিজ হবে। এছাড়া এই বৈশাখে মুক্তি পেতে যাচ্ছে তরুণ নির্মাতা নঈম ইমতিয়াজ নেয়ামুলের ‘এক কাপ চা’ যেটি আগামী বৈশাখে মুক্তি পাবে। এর মাঝে বেশ কজন তরুণ নির্মাতার সাথেও কথা চলছে চলতি ধারার ডিজিটাল ছবিতে কাজ করার ব্যাপারে। তাই নতুন বছর পুরোদস্তুর চলচ্চিত্রেই ব্যস্ত থাকতে চান তিনি।
এ প্রসঙ্গে ইত্তেফাককে মৌসুমী বলেন, ‘আমি চলচ্চিত্রের মানুষ। সেটিই আমার আসল জায়গা। এর বাইরে নিজের কাজের আনন্দেই বিভিন্ন টিভি শো বা নাটক করি। এখন যেহেতু এক ঝাঁক তরুণ নির্মাতা ভিন্ন ধারার চলচ্চিত্র নিয়ে আসছে, তাই এই ধারার কাজে ব্যস্ত থাকতে চাই।’
বর্তমানে চিত্রনায়িকা মৌসুমী চ্যানেল নাইনের রিয়েলিটি শো ‘পাওয়ার ভয়েজ’-এর বিচারক হিসেবে কাজ করছেন। এর বাইরে নতুন বছরে নির্দেশক হিসেবেও দেখার সম্ভাবনা রয়েছে বলে জানা যায়। বাণিজ্যিক ধারার ছবির পাশাপাশি একটি সরকারি অনুদানের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রেও কাজ শুরু করেছেন। যা এ বছরই মুক্তি পাবে।
