কুমিল্লায় যাত্রিক নাট্যজন স্মরণোত্সব উপলক্ষে কুমিল্লা টাউন হলের বীরচন্দ্র নগর মিলনায়তনে মঞ্চস্থ হয়েছে ৫টি নাটক। যাত্রিক নাট্যগোষ্ঠীর উদ্যোগে গত ২৯ ডিসেম্বর থেকে ৬ দিনব্যাপী নাটক ও বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। থিয়েটার ঢাকা, যাত্রিক নাট্যগোষ্ঠী, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থিয়েটার ছাড়াও ভারতের কলকাতা ও আগরতলা থেকে আগত নাট্যশিল্পীরা পৃথক ৫টি নাটক মঞ্চস্থ করে। এসব নাটকের মধ্যে রয়েছে—থিয়েটার ঢাকার ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’, যাত্রিক নাট্যগোষ্ঠীর ‘বরফ গলা নদী’, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের ‘বৃত্তের বাইরে’, কলকাতার এবং আমরা’র ‘টুনীর মা’ ও আগরতলার পদাবলী সাহিত্য সভার ‘বাড়া ভাতে ছাই’।
থিয়েটার-ঢাকার বিশিষ্ট নাট্যাভিনেত্রী ফেরদৌসী মজুমদার, কেরামত মাওলা, ত্রপা মজুমদার এবং কলকাতা, আগরতলা, ঢাকা ও কুমিল্লার অন্যান্য নাটশিল্পীদের অনবদ্য অভিনয়ে মুগ্ধ হয়েছেন কুমিল্লার নাট্যাঙ্গণ, সাহিত্যাঙ্গন, সাংস্কৃতিক অঙ্গনের কর্মীসহ বীরচন্দ্র নগর মিলনায়তনে উপস্থিত সকল দর্শক। অনুষ্ঠানের ৪র্থ দিনে বিশিষ্ট নাট্যশিল্পী ফেরদৌসী মজুমদারকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন যাত্রিক নাট্যগোষ্ঠীর সভাপতি মো. হাশিম আপ্পু।
