এবারের ‘সা রে গা মা পা-২০১২’-এর উপস্থাপক হিসেবে জনপ্রিয় গায়ক সোনু নিগাম ও শান—দু’জনের নাম শোনা গিয়েছিল। এর আগে তারা দু’জন এক সময়ে ঐতিহ্যবাহী এই মিউজিক্যাল ট্যালেন্ট হান্ট শোতে প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছিলেন। পরবর্তীতে তারা দু’জন গায়ক হিসেবে সুপ্রতিষ্ঠিত হয়েছেন। খ্যাতি ও জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছেন। শেষ পর্যন্ত সোনু নিগাম কিংবা শান দু’জনের কেউ না হয়ে ‘সা রে গা মা পা’ টিভি শোর উপস্থাপনায় আসেন হিন্দি ফিল্মি গানে হালের সাড়া জাগানো গায়ক জাভেদ আলি। গত ২৯ সেপ্টেম্বর ২০১২ তারিখে ‘সা রে গা মা পা চ্যালেঞ্জ’ সিরিজের পঞ্চম পর্বের প্রিমিয়ার হয়েছিল জিটিভিতে। অডিশনে সারা ভারত এবং বিদেশের প্রায় ১,২০,০০০ জন প্রতিযোগী অংশ নিয়েছিল। ভারতের দিল্লি, মুম্বাই এবং কলকাতায় অডিশনগুলো হয়েছে। তখনকার পর্বগুলো উপস্থাপনায় ছিলেন হিন্দি সিরিয়ালের জনপ্রিয় তরুণ অভিনেতা ও উপস্থাপক জয় ভানুশালী। অডিশন রাউন্ড থেকে বাছাই করা হয় ১০০ জনকে চূড়ান্তভাবে। তারপর মেগা অডিশনের জন্য সেখান থেকে সেরা ১৫ জনকে নির্বাচন করা হয়। সেই নির্বাচিত প্রতিযোগী ৫ সপ্তাহ ধরে প্রতিযোগিতায় লড়েছেন। সেখান থেকে সেরা ১০ জন চূড়ান্ত প্রতিযোগিতায় অবতীর্ণ হয়েছেন। এরপর প্রতি সপ্তাহে দু’জন করে প্রতিযোগী মেধা ও যোগ্যতার লড়াইয়ে বাদ পড়েন। আবার ওয়াইল্ড কার্ড পেয়ে বাদ পড়া প্রতিযোগী থেকে কেউ কেউ সংগীতপ্রতিভা প্রমাণের লড়াইয়ে ফিরে এসেছেন। বর্তমানে চূড়ান্ত লক্ষ্য চ্যাম্পিয়নশিপের জন্য ‘সা রে গা মা পা’ প্রতিযোগিতায় লড়ছেন বিশ্বজিত্ বোরওয়ানকার, জাসপ্রিত জাজিম শর্মা, শেহনাজ আক্তার, রেণু নাগর, জশরাজ যোশী, আশপ্রিত কাউর, মোহাম্মদ আমান। তারা কেউ এসেছেন মুম্বাই, পাঞ্জাব, পুনে কিংবা রাজস্থান থেকে। এর আগে প্রতিযোগিতায় অংশ নিয়ে বিভিন্ন সময়ে বাদ পড়লেও মেধা ও যোগ্যতার চমক দেখিয়েছেন মাধুরী দে হিমাংশু শর্মা, পাকিস্তান থেকে আসা জৈন আলি, বারবি রাজপুত, পদ্মমানব, কুনাল পণ্ডিত, মরুন্ময়ী, সুব্রিমা পারুল, আশে মোহাম্মদ। এবার ‘সা রে গা মা পা ২০১২’-এর আয়োজনে বিচারক হিসেবে রয়েছেন ইন্ডিয়ান ওসান ব্যান্ড খ্যাত গায়ক রাহুল রাম, প্রখ্যাত গায়ক ও সংগীত পরিচালক শংকর মহাদেবন এবং বলিউডের সাম্প্রতিক মিউজিক সেনশেন সুরকার জুটি সাজিদ-ওয়াজিদ। জনপ্রিয় এই টিভি রিয়েলিটি শোর বিচারক হিসেবে এবার আরও ছিলেন ওস্তাদ গুলাম আলি, তৌফিক কোরাইশ, পণ্ডিত বিশ্বমোহন ভাট, হরিহরণ, গুরুদাস মান, বেগম পারভিন সুলতানা এবং পণ্ডিত যশরাজের মতো বিশ্বখ্যাত উপমহাদেশীয় সংগীতজ্ঞ সুরসাধকরা। ছোটপর্দার দর্শকদের প্রতিবছরই প্রচণ্ডভাবে আলোড়িত করে আসছে জি টিভির ঐতিহ্যবাহী মিউজিক্যাল রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’। প্রচুর দর্শক নিয়মিতভাবে উপভোগ করছেন অনুষ্ঠানটি। আর এ কারণেই বলিউডের অনেক জনপ্রিয় সুপারস্টার তাদের অভিনীত নতুন সিনেমার মুক্তিলগ্নে প্রচারণার জন্য বিশেষ সেলিব্রেটি অতিথি হিসেবে উপস্থিত থাকেন। এবারের ‘সা রে গা মা পা ২০১২’ অনুষ্ঠানে এ পর্যন্ত সালমান খান, সোনাক্ষি সিনহা, শাহরুখ খান, ক্যাটরিনা কাইফ, আনুশকা শর্মা, অজয় দেবগন, প্রীতি জিনতা উপস্থিত হয়েছেন তাদের অভিনীত ছবির প্রচারণার উদ্দেশ্যে। ‘সা রে গা মা পা’ এখন আর স্রেফ একটি গতানুগতিক ট্যান্টে হান্ট শো কিংবা মিউজিক্যাল রিয়েলিটি শোয়ের মধ্যে সীমাবদ্ধ নেই। এর মাধ্যমে লুকিয়ে থাকা অনেক সংগীতপ্রতিভা আবিষ্কৃত হচ্ছে। যার ফলে তাদের জীবনটাই পুরোপুরি পাল্টে যাচ্ছে। দেশের আনাচে-কানাচে তরুণ উঠতি গায়ক-গায়িকাদের মধ্যে ব্যাপক উদ্দীপনার সঞ্চার করছে ‘সা রে গা মা পা’। আর এজন্য আগেভাগেই প্রস্তুতি গ্রহণ করে নিজেদের শাণিত করে তুলছেন অনেক সংগীতপ্রতিভা। এই ঐতিহ্যবাহী টিভি ট্যালেন্ট হান্ট শোতে অংশ নিয়ে চূড়ান্তভাবে চ্যাম্পিয়ন হতে না পারলেও সংগীত অঙ্গনের অনেক রথী-মহারথীর নজরে আসার সুযোগ পাচ্ছেন তারা। এভাবেই হিন্দি সিনেমার গানে বহুল আলোচিত সাড়া জাগানো নতুন গায়ক-গায়িকার আত্মপ্রকাশ ঘটছে আজকাল। মাত্র ১৬ সপ্তাহের পথ পরিক্রমায় একজন সাধারণ প্রতিযোগী মেধা, যোগ্যতার প্রমাণ দিয়ে বিভিন্ন ধাপ পেরিয়ে একজন দেশ সেরা মিউজিক সেনসেশনে পরিণত হচ্ছেন। এবারের ‘সা রে গা মা পা ২০১২’-এর জমকালে উত্তেজনাপূর্ণ সংগীত প্রতিভার লড়াই বেশ জমে উঠেছে। ইতোমধ্যেই দর্শক অনেক প্রতিযোগীর মেধা ও যোগ্যতায় মুগ্ধ, আবিষ্ট হয়েছেন। তারা নিজ নিজ পছন্দের প্রতিযোগীকে এসএমএস এর মাধ্যমে ভোট দিয়ে প্রতিযোগিতায় এগিয়ে নিতে চেষ্টা করছেন। এখন ‘সা রে গা মা পা ২০১২’ প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায় চলছে। সবাই টান টান উত্তেজনা নিয়ে অধীরভাবে অপেক্ষা করছে এবারের ‘সা রে গা মা পা চ্যালেঞ্জ ২০১২’ চ্যাম্পিয়ন নতুন মিউজিক সেনসেশনের জন্য। দেখা যাক, শেষ পর্যন্ত কার কপালে জোটে চ্যাম্পিয়নশিপের শিরোপা।
