হবিট :প্রিক্যুয়েল অব লর্ড অব দ্য রিংস

তৃতীয় মাত্রার যাত্রায়

আপডেট : ০২ জানুয়ারি ২০১৩, ১৮:৫৬
পরিকল্পনা অনুযায়ী মুভিটির প্রথম প্রিকুয়েল ‘দ্য হবিটস :অ্যান আনএক্সপেকটেড জার্নি’ মুক্তি পেয়েছে গত বছরের ডিসেম্বরে। পরেরটি, ‘দ্য হবিটস :দ্য ডেসটিনেশন অব স্মাগ’ মুক্তি দেওয়া হবে এ বছর। হবিটের এ প্রিক্যুয়েল দু’টিতে অস্কার জয়ী, ‘দ্য লর্ড অব দ্য রিংস’-এর আগের সময়ের কাহিনীটি চিত্রায়িত হবে। জে আর আর টলকিনের উপন্যাস অবলম্বনে পিটার জ্যাকসনই প্রিকুয়েল দুটির পরিকল্পনা করেছিলেন। দুই বছর ধরে সবাই জানত ‘হেলবয়’ ছবির পরিচালক গুইলেরমো ডেল টরো ‘দ্য হবিট’ পরিচালনা করবেন। কিন্তু হঠাত্ করেই তিনি জানালেন, হবিট প্রজেক্টে আর থাকতে পারছেন না। কারণ হিসেবে জানান, শিডিউল জটিলতার কথা। গত দুই বছর যাবত্ তিনি ‘হবিট’ ছবির প্রি-প্রোডাকশনের কাজ করছিলেন। এবার সম্ভবত নিজের ‘হেলবয়’ সিরিজের তৃতীয় পর্বের দিকে নজর দেবেন বলেই মনে করছেন সংশ্লিষ্ট সবাই। তবে ‘হবিট’-এর জন্য চিত্রনাট্য লেখার কাজে তিনি সহায়তা করে যাবেন বলে জানিয়েছেন। ফলে সমস্যা দেখা দিয়েছিল হবিটের পরিচালনা নিয়ে! ওয়েবে খবর ছড়িয়ে ছিল ‘ডিস্ট্রিক্ট নাইন’-এর পরিচালক নিল ব্লুমক্যাম্প ছবির দায়িত্ব পাচ্ছেন। কিন্তু পরবর্তীতে জানা গেছে, তিনি এ জাতীয় কোনো প্রস্তাব পাননি। তিনি নিজেরই একটি সায়েন্স ফিকশন ছবির কাজ নিয়ে ব্যস্ত আছেন। এই সঙ্কটময় মুহূর্তে এগিয়ে এলেন ‘দ্য লর্ড অব দ্য রিংস’-এর অস্কার বিজয়ী পরিচালক স্যার পিটার জ্যাকসন। তার ট্রিলজি ছবির এই প্রিকুয়্যেল নির্মাণে নিজেই হাত লাগাবেন! আশা, কল্পনা আর বাস্তবতা এক হয়ে ধরা দিলো, পর্দায় এলো ‘হবিটস’। অবশ্য তিনি ছাড়া এ কাজে যোগ্যতর আর কে হতে পারেন! তা ছাড়া পিটার এত দিন ‘দ্য হবিট’ ছবির প্রযোজক হিসেবেই কাজ করছিলেন। এখনও অফিসিয়াল ঘোষণা না এলেও, জানা গেছে ‘দ্য লর্ড অব দ্য রিংস’ ছবির দুটি হবিট প্রিকুয়্যেল নির্মাণের ব্যাপারে পিটার জ্যাকসনের সঙ্গে ছবিটির প্রযোজক ও পরিবেশক প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স, নিউ লাইন সিনেমা ও এমজিএমের আলাপ চলছে। ‘দ্য হবিট’ ছবিটি উঠে এসেছে হবিট বিলবো ব্যাগিংসের মজার সব অভিজ্ঞতার গল্প। ১১১তম জন্মদিনে বিলবো ঠিক করেন তিনি তার ৬০ বছরের অভিজ্ঞতা নিয়ে একটি গল্প লিখবেন ফ্রডোর জন্য। ফ্রডো সম্পর্কে তার ভাতিজা। বিলবো লেখা শুরু করেন, সাথে সাথে দর্শকরাও ফিরে যান সেই সময়ে! তাদের পৃথিবীর একদল বেঁটেদের জীবন যাত্রা থেকে শুরু করেন তিনি। তাদের রাজ্য ও রাজার কথাও উঠে আসে সেখানে। এরপর ড্রাগনের অবির্ভাব হয়, শুরু হয় ধ্বংসযজ্ঞ। ছবির গল্পে দেখা যায়, বিলবোর যাত্রাপথে দুর্ভাগ্যবশত দেখা হয়ে যায় বেঁটে দলটির সাথে। ঘটনাক্রমে জড়িয়ে পড়েন ১৩ জন বেঁটে যোদ্ধা দলের সাথে। তাদের যাত্রাপথে মোকাবেলা করতে হয় ভয়ঙ্কর মাকড়সাদের সাথে। এমনই আরও অনেক রোমাঞ্চকর লড়াইয়ের গল্প উঠে এসেছে তার লেখনীতে। এভাবেই নানা ঘটনা সাজিয়ে গড়ে উঠেছে ‘দ্য হবিট’ মুভিটি। পুরো মুভিতেই টান টান উত্তেজনা, কোথাও একঘেয়েমি নেই। এবারে আলোচনা করা যাক, মুভিটির পরিচালক পিটার জ্যাকসনকে নিয়ে। পিটার জ্যাকসনের জন্ম হয় ১৯৬১ সালের ৩১ অক্টোবর। নিউজিল্যান্ডের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক। জে আর আর টলকিনের রচিত বিখ্যাত উপন্যাস ‘দ্য লর্ড অব দ্য রিংস’ অবলম্বনে তিনি একাধারে তিনটি চলচ্চিত্র নির্মাণ করে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেন। ‘দ্য লর্ড অব দ্য রিংস’ চলচ্চিত্র ত্রয়ী নামে পরিচিত এই ছবিগুলোর মধ্যে শেষটির কারণে তিনি একাডেমি পুরস্কার লাভ করেছেন। সম্প্রতি অস্কার বিজয়ী পিটার জ্যাকসন অফিসিয়ালি স্যার পিটার জ্যাকসন হয়ে গেলেন। গ্রহণ করলেন নাইটহুড উপাধি। নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনের প্রিমিয়ার হাউসে তাকে এই সম্মাননা জানানো হয়। নিউজিল্যান্ডের বিখ্যাত এই ডিরেক্টর ‘লর্ড অব দ্য রিংস’ ট্রিলজি দিয়ে বিশ্ব মাতিয়েছিলেন। নাইটহুড উপাধি পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘সিনেমা বানানো কারও একার কাজ নয়, এর পেছনে হাজার মানুষ জড়িত থাকে। তাই আমি পুরো ইন্ডাস্ট্রির পক্ষ থেকে এই সম্মান গ্রহণ করছি।’