পারিশ্রমিক ছাড়াই নাটকে অভিনয় করলেন ইন্তেখাব দিনার। অধিকাংশ সিনিয়র শিল্পী কাজ শুরুর আগেই পারিশ্রমিক নিয়ে থাকেন। সেখানে পারিশ্রমিক ছাড়া কাজ করে তিনি অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন। ইন্তেখাব দিনার সম্প্রতি পুবাইলে ‘জন্ডিস’ শিরোনামে একটি নাটকের শুটিং করেছেন। নীহার আহমেদের রচনায় এটি পরিচালনা করছেন অনিরুদ্ধ রাসেল। নাটকের স্ক্রিপ্ট ও পরিচালকের ব্যবহারে মুগ্ধ হয়ে দিনার সেদিনের পারিশ্রমিক না নেয়ার সিদ্ধান্ত নেন। এ প্রসঙ্গে দিনার বলেন, ‘নাটক পরিচালনার ক্ষেত্রে নির্মাতা অসাধারণ দক্ষতার পরিচয় দিয়েছেন। গল্পের থিমটিও মানসম্পন্ন ছিল। আমার মনে হয়েছে, নবীন পরিচালকদের বেশি বেশি সৃজনশীল কাজের ব্যাপারে উত্সাহ দেওয়া দরকার। তাই আমি পারিশ্রমিক না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমার এ সিদ্ধান্তকে সহশিল্পীরা ইতিবাচকভাবেই নিয়েছেন।’
