অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ বৃহস্পতিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শুরু হতে যাওয়া সিরিজের শেষ টেস্টে শ্রীলংকার অনুপ্রেরণা হতে পারে গত বছরের ডারবান টেস্ট। ওই টেস্টে দারুণ এক জয় তুলে নিয়েছিল লংকানরা।
স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শ্রীলংকা হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়েই তিন টেস্টের সিরিজের শেষ খেলাটিতে মাঠে নেমেছে। হোবার্ট ও মেলবোর্নে জিতে সিরিজ আগেই নিশ্চিত হয়ে যায় অস্ট্রেলিয়ার। মান বাঁচাতে শেষ ম্যাচে হার এড়াতে চাইবে শ্রীলংকা। গতকাল বুধবার শ্রীলংকার অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে জানান ২০১১-১২ মৌসুমে তারা দক্ষিণ আফ্রিকা সফরে ডারবান টেস্টে (ডিসেম্বর,২০১১) দারুণ জয় তুলে নিয়েছিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টেস্ট বাঁচাতে সেই টেস্ট ম্যাচটিকে অনুপ্রেরণা হিসেবে দেখছেন তিনি।
মেলবোর্নে স্বাগতিক অস্ট্রেলিয়া ইনিংস ও ২০১ রানে হারায় শ্রীলংকাকে। প্রায় আড়াই দিনেই জয় পেয়ে যায় অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া এগিয়ে যায় ২-০ ব্যবধানে। শ্রীলংকা দলে রয়েছে ইনজুরি। চারজন খেলোয়াড় নেই তাদের।
জয়াবর্ধনে জানান, মেলবোর্নের হার খুবই দুঃখজনক। অস্ট্রেলিয়ার মাটিতে এখনো টেস্ট ম্যাচ জিততে পারেনি শ্রীলংকা। জয় হতে পারে জয়াবর্ধনের জন্য বিশেষ কিছু। জয়াবর্ধনে ডারবানের স্মৃতি টেনে বলেন,‘সেঞ্চুরিয়ানে আমরা গত মৌসুমে আড়াই দিনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে গিয়েছিলাম। আমরা ডারবানে ঘুরে দাঁড়িয়ে টেস্ট জিতেছিলাম।’ দক্ষিণ আফ্রিকা অবশ্য সে সিরিজটি ২-১ ব্যবধানে জয়লাভ করেছিলধ। ডারবানের সে টেস্ট ম্যাচে শ্রীলংকা ২০৮ রানে জয়লাভ করে। তৃতীয় টেস্ট ম্যাচটি শ্রীলংকা হেরেছিল কেপ টাউনে।
