তিন্নির প্রত্যাবর্তন!

আপডেট : ০২ জানুয়ারি ২০১৩, ২০:০৪
তিন্নিকে নিয়ে নাটকে কাজ করার মতো ভয়াবহ চ্যালেঞ্জটা এবার নিলেন পরিচালক চয়নিকা চৌধুরী। কিন্তু অন্যদের মতো এই প্রোডাকশন নিয়ে ফেঁসে যাননি নির্মাতা। মডেল-অভিনেত্রী তিন্নি সঠিক সময়ে এসে শুটিং করলেন। আর এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর ছোটপর্দার তিন্নির ফেরা হলো। আর ফিরলেন অপূর্বের সঙ্গে। চয়নিকার এই নাটকে তিন্নি ও অপূর্ব একসঙ্গে জুটি হয়ে অভিনয় করছেন। ‘এই মায়া’ শিরোনামের এই নাটকের শুটিং গতকাল শুরু হয়েছে। তিন্নি বলেন, ‘আমি যখন চলচ্চিত্রে যাই তখনই কথা দিয়েছিলাম যে, আমি নাটক ছাড়িনি। হয়তো কিছুটা সময়ের গ্যাপ সৃষ্টি হবে কিন্তু খুব শীঘ্রই নাটকে ফিরব। আর সেই কথানুযায়ী শীঘ্রই না হোক, নাটকে ঠিকই ফিরেছি। এখন থেকে নিয়মিত কাজ করব। মাঝে অনেকের সাথে অনেক ধরনের ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছে। অনেকে আমাকে নিয়ে বিড়ম্বনায় ভুগেছেন, তাদের সবার কাছে আমি ক্ষমা চাইছি। আসলে ওই সময়টাতে আমি ব্যক্তিগতভাবে অনেক ঝামেলায় জড়িয়ে গিয়েছিলাম। তাই নিজেকে গোছাতেই এই সময়টা লেগেছে। এখন থেকে নিয়মিত নাটকে কাজ করব।’