গতকাল বুধবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত ৬ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে। কমেছে সূচকের পরিমাণ। লেনদেন ও সূচক কমার পাশাপাশি বেশিরভাগ কোম্পানির শেয়ারের দামও কমেছে। ডিএসই’র তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’তে মোট লেনদেন হয়েছে ১২০ কোটি ৮১ লাখ ৯ হাজার ৬৭৩ টাকা। যা আগের দিনের চেয়ে ৩২ কোটি ৫৯ লাখ টাকা কম। গত ৮ জুলাই ডিএসইতে লেনদেন হয়েছিল ১১৫ কোটি টাকা। অর্থাত্ গত ৬ মাসের মধ্যে গতকালই সর্বনিম্ন লেনদেন হয়েছে।
তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে ৫১ পয়েন্ট কমে ৪ হাজার ১৩৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই- ২০ মূল্যসূচক আগের দিনের চেয়ে ২৮ পয়েন্ট কমে ৩ হাজার ৪৪১ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএসইতে ২৬১টি কোমপানির ৩ কোটি ৬০ লাখ ৯ হাজার ১৭৭টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেনকৃত ২৬১টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ৪০টির, কমেছে ১৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ারের।
লেনদেনের ভিত্তিতে ডিএসই’র প্রধান ১০টি কোমপানি হলো- ইউনাইটেড এয়ারওয়েজ, বেক্সিমকো, ইউনিক হোটেল, এনভয় টেক্সটাইল, বিএসসিসিএল, এনবিএল, সামিট পাওয়ার, সিএমসি কামাল, জেনারেশন নেক্সট ও আরএন স্পিনিং। দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোমপানি হলো- বিডি ল্যাম্পস, কোহিনুর কেমিক্যাল, ওরিয়ন ইনফিউশন, রেনউইক যজ্ঞেশ্বর, ইসলামি ইন্সুরেন্স, সিএমসি কামাল, আইসিবি এএমসিএল ১ম, গ্ল্যাক্সোস্মিথ কেলাইন, রেকিট বেঙ্কাইজার ও হাক্কানী পাল্প। অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোমপানি হলো- মাইডাস ফাইন্যান্স, এলআর গ্লোবাল মিউচুয়াল ফান্ড-১, এবিবি ১ম মিউচুয়াল ফান্ড, রিলায়েন্স ইন্সুরেন্স, মডার্ণ ডাইয়িং, মুন্নু স্টাফলার, মেঘনা পেট, প্রাইম লাইফ, এনসিসিবি মিউচুয়াল ফান্ড-১ ও ডেসকো।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ
গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ১৩২ পয়েন্ট কমে ১২ হাজার ৬৭১ পয়েন্টে নেমে এসেছে। সিএসই- ৩০ মূল্যসূচক আগের দিনের চেয়ে ১১৮ পয়েন্ট কমে ১০ হাজার ৮৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসই’র ১৬৫টি কোমপানির ৪৬ লাখ ৯৫ হাজার ৮৪৫টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের হাত বদল হয়েছে। মোট লেনদেন হয়েছে ১৫ কোটি ৮৯ লাখ ৩৮ হাজার ১৪৮ টাকা। যা আগের দিনের চেয়ে ৪ কোটি ৯০ লাখ ৭৪ হাজার ২৬২ টাকা কম। লেনদেনকৃত ১৬৫টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ২১টির কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৯টি কোম্পানির শেয়ারের।
