ইডেনে সাফল্যের অসামান্য রেকর্ডের কারণেই দ্বিতীয় ম্যাচে ভারতের চেয়ে বরং পাকিস্তানের জন্যই ‘হোম গ্রাউন্ড’ অনুভূতিটা বেশি কাজ করার কথা। আজ পর্যন্ত এই ভেন্যুতে ভারতের বিপক্ষে কখনোই হারেনি পাকিস্তান। আজ সেই রেকর্ড ধরে রেখে সিরিজ জয় নিশ্চিত করেই মাঠ ছাড়তে চাইবে মিসবাহ-উল হকের দল।
সাফল্যের হরেক রূপ অধিনায়ক হিসেবে দেখে ফেলা মহেন্দ্র সিং ধোনির জীবনে এমন দুঃসময় আগে আর আসেনি। ২০১১ সালে বিশ্বকাপ জয়ের পর ব্যর্থতা আর ব্যর্থতা। শেষ পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে নিজেদের মাটিতে ওয়ানডে সিরিজে এরই মধ্যে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ার অভিজ্ঞতা। আর এই সিরিজে ফেরার চ্যালেঞ্জেই আজ দুপুর সাড়ে বারোটায় ইডেন গার্ডেনসে সিরিজের দ্বিতীয় ম্যাচের মুখোমুখি হবে ধোনির ভারত।
ইডেনে সাফল্যের অসামান্য রেকর্ডের কারণেই দ্বিতীয় ম্যাচে ভারতের চেয়ে বরং পাকিস্তানের জন্যই ‘হোম গ্রাউন্ড’ অনুভূতিটা বেশি কাজ করার কথা। আজ পর্যন্ত এই ভেন্যুতে ভারতের বিপক্ষে কখনোই হারেনি পাকিস্তান। আজ সেই রেকর্ড ধরে রেখে সিরিজ জয় নিশ্চিত করেই মাঠ ছাড়তে চাইবে মিসবাহ-উল হকের দল। আর এই রেকর্ড ও ইতিহাসের বিপক্ষেই লড়াই ধোনিদের।
একেবারে সামপ্রতিক পারফরম্যান্স বিবেচনায় আজকের ম্যাচে পরিষ্কার ফেবারিট পাকিস্তান। টি-টোয়েন্টি সিরিজে যে দুরন্ত ফর্ম তারা দেখিয়েছে, তাতে তাদের সিরিজ না জেতাটাই বিস্ময়কর হয়েছে। এরপর ওয়ানডেতেও সেই একই চেহারায় আবির্ভূত হয়েছে তারা। দারুণ ফর্মে আছেন ইউনিস খান, শোয়েব মালিকের মতো সিনিয়ররা। প্রথম ওয়ানডেতে অন্তত নিজের সেরা অবস্থায় থাকার প্রমাণ দিয়েছেন নাসির জামসেদ। সেই সঙ্গে পাকিস্তানের বৈচিত্র্যময় বোলিংকে দারুণ ধারালো করে তুলেছে সাঈদ আজমল ও তরুণ মোহাম্মদ ইরফানের উপস্থিতি।
পাকিস্তানের সিনিয়র খেলোয়াড় ও সাবেক অধিনায়ক ইউনিস খান বলছেন, দলের বর্তমান ফর্মের আসল রহস্যই হল তরুণদের সঙ্গে অভিজ্ঞদের এই দারুণ মিশেল। তিনি আশা করছেন, আজকের ম্যাচেও তাদের দল একইরকম চমকে দেবে ভারতীয়দের। সেই সঙ্গে উইকেটও আজ পাকিস্তানীদের জন্য আশার আলো জ্বালছে। যতোদূর জানা গেছে, উইকেট পেস সহায়কও বেশ বাউন্সি হবে। সে ক্ষেত্রে পাকিস্তানী তরুণ দুই পেসার ইরফান ও জুনায়েদ এবং সিনিয়র উমর গুল হয়ে উঠতে পারে ভয়ানক অস্ত্র। ঠিক উল্টো অবস্থায় আছে ভারত। ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাটিতে টেস্ট সিরিজ হারের শোক ভুলতে না ভুলতেই পাকিস্তানের কাছে এই অসহায়ত্ব ফুটে উঠেছে তাদের। একেতো পাকিস্তানের বিপক্ষে খেলাটা একটা মনস্তাত্ত্বিক লড়াই। সে লড়াইয়ে এমনিতেই পিছিয়ে আছে ভারত। তারওপর ইডেনে ভারতের বিপক্ষে পাকিস্তানের ৩ ম্যাচের সব কটিতে জয়ের রেকর্ডও মনস্তাত্ত্বিকভাবে পিছিয়ে রাখবে ভারতকে। সেই সঙ্গে ভারতের জন্য আরেকটা বড় ধাক্কা হতে পারে ভিরাট কোহলির অনুপস্থিতি। আগের ম্যাচে চোট পাওয়া কোহলির আজকের ম্যাচে খেলাটা এখনও অনিশ্চিত। এ অবস্থায় ভারতের সামনে আশার আলো সে দেশের সংবাদ মাধ্যম অন্তত দেখছে না। তারপরও আশার কথা শোনাচ্ছেন ভারতীয় খেলোয়াড়রা। ম্যাচের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে গৌতম গম্ভীর বলেছেন, এই অবস্থা থেকে ফেরার ক্ষমতা তাদের আছে।
