শেষ বিকালে চাপে বিসিবি নর্থ

আপডেট : ০২ জানুয়ারি ২০১৩, ২১:০৩
দ্বিতীয় রাউন্ডের খেলায় ওয়ালটন মধ্যাঞ্চলের বিপক্ষে চমত্কার সূচনার পরও শেষ বিকালে দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়েছে বিসিবি নর্থ জোন। প্রথম দিন শেষে বিসিবি নর্থের সংগ্রহ ৫ উইকেটে ২৮১ রান। মুশফিকুর রহিম অপরাজিত ৩৩ রানে। গতকাল বুধবার সকালে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে টসে জিতে বিসিবি নর্থ জোনের অধিনায়ক মুশফিকুর রহিম ব্যাট করার সিদ্ধান্ত নেন। লীগের প্রথম ম্যাচে ব্যর্থ হলেও দ্বিতীয় ম্যাচে নিজেকে ফিরে পেয়েছেন জুনায়েদ সিদ্দিকী। উদ্বোধনী জুটিতে তরুণ মাইশিকুরকে সাথে নিয়ে ৩৯ ওভারে ১২৪ রানের চমত্কার পার্টনারশিপ গড়েন জুনায়েদ। ব্যক্তিগত ৭৮ রানে শুভাগত হোমের বলে মোহম্মদ শরীফের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন জাতীয় দলের এ ব্যাটসম্যান। এর মাত্র ৫ রান পর ব্যক্তিগত ৪৯ রানে সাজঘরে ফেরেন মাইশিকুর। পরপর দু’টি উইকেটের পতনে হঠাত্ থমকে দাঁড়ানো রানের চাকা সচল করতে প্রতিপক্ষের বোলারদের সামনে প্রতিরোধ গড়েন নাঈম ও ফরহাদ। এ জুটি যোগ করেন ৮৫ রান। ব্যক্তিগত ৩৬ রানে নাঈম ইসলাম যখন প্যাভিলিয়নে ফেরেন তখন দলের রান ৩ উইকেটে ২১৪। নাঈমের বিদায়ের পর অধিনায়ক মুশফিকের সাথে ৫০ রানের আরেকটি পার্টনারশিপ গড়ে দলকে বড়ো স্কোর গড়ার স্বপ্ন দেখাচ্ছিলেন ফরহাদ হোসেন। কিন্তু জাতীয় দলের এক সময়ের দুর্দান্ত পেসার মোহাম্মদ শরীফের অসাধারণ ডেলিভারীতে পরাস্ত হয়ে বিদায় নেন তিনি। তার ব্যাট থেকে আসে ৭৪ রান। দিনের খেলা শেষের মাত্র ১১ বল বাকি থাকতে ব্যক্তিগত ৪ রানে অলরাউন্ডার নাছির হোসেনের বিদায়ে চাপের মধ্যেই দিন শেষ করে বিসিবি নর্থ। মুশফিকুর রহিম অপরাজিত আছেন ৩৩ রানে। সেন্ট্রাল জোনের পক্ষে ইলিয়াস সানি ২টি এবং শুভাগত হোম, শাহাদত হোসেন ও মোহাম্মদ শরীফ একটি করে উইকেট নেন। সংক্ষিপ্ত স্কোর বিসিবি নর্থ জোন, ১ম ইনিংসঃ ২৮১/৫, জুনায়েদ সিদ্দিকী ৭৮, ফরহাদ হোসেন ৭৪, মাইশিকুর ৪৯, ইলিয়াছ ছানি ৭৩/২।