পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে চূড়ান্ত জবাবের অপেক্ষায় আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির চিঠির জবাবে তারা কি উত্তর দেয় তার উপর নির্ভর করবে তাদের পরবর্তী পদক্ষেপ। তবে বিসিবি পিসিবির সাথে আলোচনা করতে প্রস্তুত। গতকাল বুধবার বিসিবির পরিচালক জালাল ইউনুসের কথাতে সেরকম ইঙ্গিত পাওয়া গেছে। খুব শীঘ্রই বিসিবি থেকে একটি প্রতিনিধি দল পাকিস্তান সফর করবে বলেও জানা গেছে।
পাকিস্তান সফর আপাতত স্থগিত করলেও দুই দেশের সম্পর্কের ফাটল ধরবে না বলে মনে করেন জালাল ইউনুস। তিনি বলেন, ‘পাকিস্তান সফরের ইস্যু ছাড়া অন্যসব কমিটমেন্টের ক্ষেত্রে দুই দেশের সম্পর্কে ফাটল ধরবে না বলে আমরা মনে করি। এমনকি পাকিস্তান সফর নিয়েও দুই দেশের সাথে সম্পর্ক খারাপ হবে না বলে আশা করছি। অচিরেই আমরা তাদের সাথে আলোচনায় বসতে পারি’।
পাকিস্তান সফরে না গেলে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পিসিবি খেলোয়াড় পাঠাবে না বলে বিভিন্ন গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে সেটা সম্বন্ধে বিসিবি ওয়াকিবহাল নয়। বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামুদ্দিন চৌধুরী সুজন এ প্রসঙ্গে বলেন, ‘বিপিএলে খেলোয়াড় পাঠাবে না বলে বিভিন্ন খবর প্রকাশিত হয়েছে বলে জানা গেছে। কিন্তু এ ধরনের কোন খবর পিসিবি থেকে আমরা পাইনি। আমরা এখনো আশাবাদী বিপিএলে পিসিবি খেলোয়াড় পাঠাবে’।
পিসিবির সাথে প্রতিদিন যোগাযোগ করে যাচ্ছে বিসিবি। একটা সমাধানের আশাও করছে তারা। হাল ছাড়েনি বিসিবি। সিইও বলেন, ‘পিসিবির কাছ থেকে এমন কোন খবর পাইনি যে তারা এ ধরনের সিদ্ধান্ত নিতে পারে। আমরা নিয়মিত যোগাযোগ চালিয়ে যাচ্ছি। আশা করছি খুব শীঘ্রই এই বিষয়টি একটা সমাধানে পৌঁছাবে’। আগামী ১৭ জানুয়ারি বিপিএল শুরু হওয়ার কথা। এর আগে পিসিবির সাথে সম্পর্ক টানাপোড়ন শেষ হবে কিনা প্রশ্নে অবশ্য বিসিবির এডহক কমিটির সদস্য জালাল কিছু বলতে নারাজ। শুধু জানালেন, সব সমস্যার সমাধান হয়ে যাবে।
আইসিসির সহ-সভাপতির হওয়ার লক্ষ্যে সাবেক বোর্ড পরিচালক আ হ ম মোস্তফা কামাল ব্যক্তিগত স্বার্থের কারণে লিখিত প্রতিশ্রুতি দিয়েছিলেন। এমনকি সংবাদ সম্মেলনে বর্তমান বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনও পাকিস্তান সফরের কারণ ব্যাখ্যা করেছেন। কাল পাকিস্তান সফর প্রসঙ্গে আরো পরিষ্কার ব্যাখ্যা দিয়েছে বিসিবি। গত বছর এপ্রিলে আইসিসির সভায় কার্যবিবরণীতে উল্লেখ্য ছিল আইসিসি যদি ম্যাচ অফিসিয়াল নাও পাঠায় বাংলাদেশ পাকিস্তান সফর করবে। সভার কার্যবিবরণীতে পরিষ্কারভাবে লেখা রয়েছে, ‘ম্যাচ অফিসিয়াল না পাঠালেও বাংলাদেশ পাকিস্তান সফর করবে’।
বর্তমান ক্রিকেট বোর্ড প্রতিশ্রুতি রক্ষার ক্ষেত্রে পাকিস্তান সফর করতে চাচ্ছে। তবে এই মুহূর্তে নয়। কাল জালাল বললেন, ‘আমরা এই মুহূর্তে পাকিস্তান সফর করব না। আমরা যাব না সেটা বলিনি। তবে এখন যাচ্ছি না’।
গত বছর ২৯ এপ্রিল বাংলাদেশ দলের পাকিস্তান সফর করার কথা থাকলেও হাইকোটের স্থগিতাদেশের কারণে সে সময় সফরটি বাতিল হয়। পরবর্তিতে নতুন তারিখ নির্ধারণ হয় ২৬ ডিসেম্বর। ফের তারিখ পরিবর্তন করে ১০ জানুয়ারি নির্ধারণ হলেও বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে সেটাও স্থগিত করা হয়েছে।
