জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) টিকিট বিক্রি শুরু হবে। আগামী ১০ কিংবা ১১ জানুয়ারি থেকে বিপিএলের টিকিট বিক্রি শুরু হওয়ার কথা জানালেন টিকিটের স্বত্ব পাওয়া অ্যাকটিভ সার্ভিসেসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আসাদুর রহমান রানা।
প্রাইম ব্যাংকের সাথে ইতিমধ্যে কথাবার্তা চালিয়ে যাচ্ছে টিকিটের স্বত্ব পাওয়া অ্যাকটিভ প্রতিষ্ঠানটি। বিপিএলের টাইটেল স্পন্সর হয়েছে প্রাইম ব্যাংক, তাই তাদের মাধ্যমেই এবার বিপিএলের টিকিট বিক্রি করবে বলে প্রতিষ্ঠানটির কর্মকর্তা জানান।
বিপিএলে এবার স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য টিকিট ক্রয়ের প্রক্রিয়াটি সহজ করার পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি। মোবাইল অপারেটররাও খুব সহজে বিপিএলের টিকিট কিনতে পারবে। প্রতিষ্ঠানটির সিইও বলেন, ‘আমরা এয়ারটেলের মাধ্যমেও টিকিট বিক্রি করবো।
এয়ারটেলের মাধ্যমে আবেদন করলে মোবাইল গ্রাহকরা ফিরতি এসএমএসে কোড পাবেন। এরপর তালিকাভুক্ত ব্যাংকে গিয়ে সেই কোড জমা দিলেই মিলবে টিকিট। তাহলে লাইনে দাঁড়ানোর ঝামেলাও কমে যাবে। তবে এটি শুধু এয়ারটেল গ্রাহকরা এই সুবিধা পাবেন’।
