ভারতীয় ক্রিকেট দল কঠিন সময়ের মধ্যে পথ চলছে। কিন্তু কিংবদন্তি ব্যাটসম্যান শচিন টেন্ডুলকার আত্মবিশ্বাসী। সাফল্য খুব দূরে নয়।
ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানানোর পর এই প্রথম দল নিয়ে কথা বললেন শচিন। তিনি আশাবাদী ভারত ঘুরে দাঁড়াবে। শচিন বলেন,‘আমার কোন সংশয় নেই এই দল ঘুরে দাঁড়াবে। এই দলটির সাথে আমি নেই কিন্তু আমার হূদয় তাদের সাথে আছে। এই মুহূর্তে আমাদের সমর্থন প্রয়োজন দলের। তারা যেন ভাল ক্রিকেট খেলতে পারে সে জন্য প্রার্থনা রইল।’
গত বছরের ২৩ ডিসেম্বর তেইশ বছরের ওয়ানডে ক্যারিয়ারের ইতি টানেন শচিন। ক্যারিয়ারের উত্থান ও পতনের সাথে থাকার জন্য সমর্থকদের ধন্যবাদ দিয়ে তিনি বলেন,‘গত ২৩টি বছর আমি ওয়ানডে দলের একজন ছিলাম। স্মরণীয় এক সফর। সকল মানুষকে ধন্যবাদ দেই যারা সমর্থন দিয়েছেন আমাকে উত্থান ও পতনে।’ শচিন নতুন বছরের শুভেচ্ছা দিয়ে সুস্বাস্থ্য কামনা করেছেন সবার। তিনি বলেন,‘২০১৩ কেবল শুরু হয়েছে। আমি আশা করি সবার সুখ ও সুস্বাস্থ্য।’
