বিজেএমসির সামনে ব্রাদার্সের অস্তিত্বের লড়াই আজ

আপডেট : ০২ জানুয়ারি ২০১৩, ২১:০৪
ঢাকার ফুটবল মাঠে ব্রাদার্স ইউনিয়নের এমন করুণ হাল আর কখনো হয়েছে কিনা স্মৃতি হাতড়ে খুঁজে পাওয়া কঠিন। কেউ জানাতেও পারছেন না এক সময়ের বড় দলের তকমা পাওয়া দলটি শেষ কবে টানা পাঁচ ম্যাচ খেলেও পয়েন্ট জোগাড় করতে পারেনি। কিন্তু এবার সেটাই হয়েছে তাদের। পেশাদার ফুটবলে এ পর্যন্ত যা পেয়েছে তা হলো দু’টি গোল মাত্র। বিদেশি ফুটবলার এবং কোচ এনেও জয়ের দেখা পায়নি কমলা-নীল জার্সিধারী ব্রাদার্স। টানা পাঁচ ম্যাচে হেরে ব্রাদার্সের পিঠ দেয়ালে লেগে গেছে। যদিও ব্রাদার্সের আফ্রিকান কোচ লাডিবাবা লোলা বলছেন, দলগুলোর শক্তিটা দেখুন। প্রায় সবাই বড় দল। আবাহনী, মোহামেডান, মুক্তিযোদ্ধা, শেখ রাসেল আছে। আশা করি সবকিছু ঠিক হয়ে যাবে। গত ম্যাচে শেখ রাসেলের বিরুদ্ধে শেষ মুহূর্তে গোল হজম করে দলটি হেরে গিয়েছিল। সেই ম্যাচের ভুলগুলো খেলোয়াড়দের কাছে তুলে ধরেছেন দলের ফুটবল ম্যানেজার আমের খান। আমের খান তরুণ এবং মানসিক দিক থেকে শক্ত সামর্থ্যবান একজন মানুষ। পাঁচ ম্যাচ হেরেও দমে যাননি তিনি। খেলোয়াড়দের চাঙ্গা করতে যত রকম দাওয়াই দেয়া দরকার তাই দেয়ার চেষ্টা করছেন। খেলোয়াড়দেরকে বলেছেন, ‘শেখ রাসেলের কাছে ‘ডাইং মোমেন্টে’ গোল খেয়ে ম্যাচ হেরেছে। তোমাদের অভিজ্ঞতা থাকলে সেটা হতো না। এখন ঘাবড়ে যাওয়ার কিছু নেই। কারণ এখন তো হারানোর কিছু নেই। মনে আত্মবিশ্বাস রাখো।’ বিজেএমসির বিরুদ্ধে ভালো খেলার জন্য প্রস্তুতি নিয়েছে ব্রাদার্স। আজ যদি হার নিয়ে বাড়ি ফেরে তাহলে দলটির মুখ থাকবে না। আমের খানের হিসাব হচ্ছে, বিজেএমসিকে হারিয়ে পরবর্তী ম্যাচ আরামবাগকে হারালেই একটা ভালো অবস্থান হবে। কিন্তু এমনটি হবে কিনা, সেটা মাঠে প্রমাণ হবে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বিকাল সাড়ে চারটায়। পয়েন্ট টেবিল আবাহনী ৬ ৪ ১ ১ ১৩ শেখ জামাল ৫ ৪ ১ ০ ১৩ শেখ রাসেল ৫ ৪ ০ ১ ১২ মোহামেডান ৬ ৩ ১ ২ ১০ মুক্তিযোদ্ধা ৬ ৩ ১ ২ ১০ বিজেএমসি ৫ ১ ২ ২ ৫ সকার ক্লাব ৫ ১ ০ ৪ ৩ আরামবাগ ৫ ১ ০ ৪ ৩ ব্রাদার্স ৫ ০ ০ ৫ ০