রাজধানীর উত্তরায় ডিবি পুলিশ পরিচয়দানকারী প্রতারক চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আবদুল্লাহপুর মোড়ে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ওয়্যারলেস সেট, হাতকড়া ও একটি মাইক্রোবাস জব্দ করা করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, গাজী হেলাল উদ্দিন, আবু বক্কর সিদ্দিক, রিপন মিয়া, আবদুল বারেক, টিটু মিয়া, মকবুল ঢালী ও মারুফ হোসেন।
ডিএমপি’র উপ-কমিশনার মাসুদুর রহমান জানান, এ চক্রটি রাজধানীর বিভিন্ন এলাকায় আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক ও শপিং মলের সামনে ডিবি পুলিশ অফিসার পরিচয়ে অবস্থান নেয়। এসময় টাকা বা স্বর্ণালংকার বহনকারী লোকজনকে গাড়িতে তুলে তাদের নিকট থাকা টাকা, স্বর্ণালংকার এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিয়ে তাদের অচেতন করে ফেলে দেয়। এধরনের অপরাধ করার সময় তারা পুলিশের মত ওয়্যারলেস সেট, হ্যান্ডকাফ, লাঠি ও অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে থাকে। গ্রেফতারকৃতদের রিমান্ডে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।
