ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের অনার্স প্রথমবর্ষের কিছু সংখ্যক শূন্য আসনে ভর্তির জন্য খ ইউনিটের ভর্তি পরীক্ষায় ২৫০১ থেকে ৪৩০৬ মেধাক্রমের প্রার্থীদের সাক্ষাত্কারের জন্য ডাকা হয়েছে। আইন, রাষ্ট্রবিজ্ঞান, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা, ইতিহাস এবং শিক্ষা বিভাগে কিছু সংখ্যক আসন পূরণের জন্য এ সাক্ষাত্কার আহবান করা হয়েছে। আগামী ৯ জানুয়ারি সকাল ১০টা থেকে কলা অনুষদের ডিন অফিসের নিচতলার সভাকক্ষে (কক্ষ নং-১০০১) সাক্ষাত্কার অনুষ্ঠিত হবে। ভর্তি নির্দেশিকা অনুযায়ী যেসব প্রার্থী ঐ পাঁচটি বিভাগের জন্য যোগ্য কেবল তাদের সাক্ষাত্কারই গ্রহণ করা হবে।
সাক্ষাত্কারের সময় ছাত্র/ছাত্রীদের অবশ্যই ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এস এস সি ও এইচ এস সি পরীক্ষার মূল নম্বরপত্র ও ফটোকপি এবং দুই কপি পাসপোর্ট আকারের সত্যায়িত রঙিন ছবি সঙ্গে আনতে হবে। কোনো কারণে প্রয়োজনীয় কাগজ ও ছবি আনতে ব্যর্থ হলে প্রার্থীকে নির্ধারিত জরিমানা দেয়া সাপেক্ষে সাক্ষাত্কারে অংশগ্রহণের অনুমতি দেয়া হবে।
